'পাঠকের মতো বইয়েরও মৃত্যু ঘটে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসি আহমেদ
ওয়াসি আহমেদ

প্রিয় একটি বই বা প্রিয় একজন লেখককে নির্দিষ্টভাবে উল্লেখ করা আমার জন্য মুশকিল। এমনকি কয়েকটি বই বাছাইয়ের কাজও বেশ কঠিন। এর একটা কারণ সম্ভবত বই পড়া বা বইয়ের স্বাদ গ্রহণ কাল-নিরপেক্ষ নয়। পাঠকের যেমন মৃত্যু হয়, তেমনি বইয়েরও মৃত্যু ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকের রুচি বদলায়। তার মনোজগৎ পাল্টায়। তার চেয়েও বড় কথা, পাঠকের পর্যবেক্ষণ বদলে যায়, পাঠক সেয়ানা হয়ে ওঠে। নানা জটিলতা তার পাঠকে আক্রান্ত করে। এত কিছুর পরও কিছু কিছু বই টাটকা, অমলিন থেকেই যায়। যেমন: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ-এর কথা যদি বলি, প্রথম পাঠের অভিজ্ঞতা থেকে বরং দিনে দিনে উপলব্ধি অনেক প্রগাঢ় হয়েছে। গল্পগুচ্ছ-এ এত বিচিত্র মানুষ, এত অফুরান স্মৃতি—আমাদেরই স্মৃতি, যা আমরা মনে রাখিনি। আজও যখন গল্পগুচ্ছ নাড়াচাড়া করি, স্মৃতিগুলো চকমকি পাথরের মতো ঝকমক করে ওঠে।
ছেলেবেলা থেকেই আমি এমন একটা পরিবেশে বেড়ে ওঠেছি, যেখানে বই পড়ায় কোনো মানা নেই। বলা যায়, সেটা বই পড়ার অনূকুল একটা পরিবেশ। তখন অসংখ্য বই পড়েছি। তবে বিশেষভাবে পছন্দ ছিল রহস্যগল্প। কোনো রহস্যগল্পের বই হাতে পেলেই একনিঃশ্বাসে পড়ে ফেলতাম। আর সেই আকর্ষণ এতদিন বাদে আজও একই রকম আছে। এর মধ্যে আমার প্রিয় রহস্যরোমাঞ্চ-লেখক জন ল্য কারে।

চেক ঔপন্যাসিক মিলান কুন্ডেরা
চেক ঔপন্যাসিক মিলান কুন্ডেরা

সবার ক্ষেত্রে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠের দরজা খুলে যায়। এ ক্ষেত্রে আমার সুবিধাটা ছিল—আমার ঘনিষ্ঠ বন্ধুরা সবাই ছিল অগ্রসর পাঠক। তারা বিশ্বসাহিত্যের খোঁজ রাখত। তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমারও অনেক বই পড়া হয়েছে। এর মধ্যে একটা কবিতার কথা উল্লেখ করতে পারি। সৈয়দ শামসুল হকের ‘বৈশাখে রচিত পঙিক্তমালা’। এটা বাংলা সাহিত্যের দীর্ঘতম কবিতা। খুব ভালো লেগেছিল কবিতাটি। মনে জায়গা করে নিয়েছে শহীদ কাদরীর ‘উত্তরাধিকার’ কবিতা, ফ্র্যানজ কাফকার গল্প দ্য মেটামরফোসিস, আলবেয়ার কামুর দ্য আউটসাইডার, অস্কার ওয়াইল্ডের পিকচার অফ ডোরিয়ান গ্রে। পাশাপাশি মানিক বন্দোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের কিছু গল্প, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে, সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু ভীষণ নাড়া দিয়েছে।
পরবর্তী পর্যায়ে হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের কিছু অসাধারণ গল্প আমাকে সমৃদ্ধ করেছে। আর আমার সমসাময়িককালে যে বইটিকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করি সেটি শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা।
এখন গল্প-উপন্যাস, প্রবন্ধের বই খুব পড়া হয়। ভালো লাগে চেক ঔপন্যাসিক মিলান কুন্ডেরার লেখা। আরেকটা বই পড়েছি বেশ কয়েক বছর আগে— মিলোরাড পেভিকের ডিকশনারি অব দ্য খাজাস। এটার দুটো সংস্করণ। মেইল ও ফিমেল। মানে নারী ও পুরুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে লেখা দুটো সংস্করণ। অবিশ্বাস্য বই। সত্যি বলতে কি, এমনভাবেও যে একটা বই লেখা যায়, ভাবতে পারিনি। পড়ে খুব আনন্দ পেয়েছি।
 অনুলিখন: সুচিত্রা সরকার