
বৈশাখে রচিত পংক্তিমালা, পরানের গহীন ভিতর, আমার শহর ঢাকাসহ অজস্র স্মরণযোগ্য কাব্যগ্রন্থের পাশাপাশি নূরলদীনের সারাজীবন ও পায়ের আওয়াজ পাওয়া যায়–এর মতো কালজয়ী নাটক রচনা করেছেন সৈয়দ শামসুল হক। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ তাৎপর্যময় হয়ে উঠেছে তাঁর রচিত নিষিদ্ধ লোবানসহ নানা উপন্যাসে। বহুমাত্রিক সৃষ্টিশীলতার জন্য তিনি বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে। ৭ অক্টোবর সব্যসাচী এই সাহিত্যিকের স্মরণানুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।
চট্টগ্রাম ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে বিকেল চারটায় ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি’ শিরোনামে শুরু হওয়া এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চল। আয়োজনে ছিল কথামালা, একক ও দ্বৈত আবৃত্তি।
আসরের শুরুতে কথামালা পর্বে আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে সৈয়দ শামসুল হকের কবিতা ও জীবন নিয়ে আলোচনা করেন কবি সেলিনা শেলী, আবৃত্তি শিল্পী দেবাশীষ রুদ্র, মাহবুবুর রহমান ও সেলিম রেজা। বক্তারা বলেন, সৈয়দ শামসুল হক পাঠকের মননে বেঁচে থাকবেন। তাঁকে বাদ দিয়ে সমকালীন সাহিত্যের প্রবণতা ও ধারা বোঝা সম্ভব নয়।
কথামালার পর ছিল কবিকে শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি পরিবেশন। আবৃত্তি করেন আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত নগরের বিভিন্ন সংগঠনের আবৃত্তিশিল্পীরা। শুরুতে ‘পরানের গহীন ভিতর’ কবিতার বিভিন্ন অংশ থেকে আবৃত্তি করেন প্রমা আবৃত্তি সংগঠনের জেরিন মিলি ও মঞ্জুর মুন্না, নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া ও পুষ্পা সর্ব্ববিদ্যা, সূচয়ন ললিতকলা কেন্দ্রের তাসকিয়াতুন নুর ও সঞ্চিতা দাশ।
এরপর কবিকে উৎসর্গ করে স্বরচিত কবিতা পাঠ করেন ইমরান ফারুকি, ফারুক আজম ও ফারহানা মিলি। এরপর সাঈদুল করিম শোনান ‘নূরলদীনের সারাজীবন’। আসরে সৈয়দ শামসুল হকের নানা কবিতা আবৃত্তি করে শোনান ফাল্গুনী ঘোষ, নিপা আক্তার ও সাজু পালিত। আবৃত্তি পরিবেশনার পর সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।