'পাঠ্যবইয়ে বিস্তারিত তথ্য থাকা প্রয়োজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্যা
অনন্যা

‘প্রজননস্বাস্থ্য কী, এ ব্যাপারে আমার আগে কোনো ধারণাই ছিল না। অন্যদের মুখে দু-একবার শব্দটা শুনলেও বুঝিনি। পরে অবশ্য বড় আপুর কাছ থেকে জানতে পেরেছি। আমি তখন চট্টগ্রােম থাকতাম। আর বড় আপু ঢাকায় চাচার বাসায় থেকে পড়ালেখা করতেন। আমি, আব্বু-আম্মু আর মেজো আপু একসঙ্গে থাকতাম৷ বড় আপু ঢাকা থেকে এলে আমাকে এসব ব্যাপারে সচেতন করতেন। তাঁর কাছ থেকেই জানতে পেরেছি ছেলে ও মেয়েদের প্রজনন অঙ্গের পরিচ্ছন্নতা, সুস্থতা বজায় রাখা সম্পর্কিত বিষয়গুলোকে প্রজননস্বাস্থ্য বলে। জেনেছি যে মেয়েদের যে পিরিয়ড হয়, এই ব্যাপারটা প্রজননস্বাস্থ্যের মধ্যে পড়ে।
এভাবে প্রজননস্বাস্থ্য বিষয়ে তার জানার পরিধি সম্পর্কে বলছিল ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অনন্যা খান (১৬) । গত ২৩ নভেম্বর কথা হয় অনন্যার সঙ্গে।
অনন্যার কাছে জানতে চাই তার যখন প্রথম পিরিয়ড হয়েছিল তখন সে ঠিকঠাক সামাল দিতে পেরেছিল কি না?
অনন্যা বলে, ‘আমি জানতাম কীভাবে ওই সময় ব্যাপারটা সামলাতে হবে, তবু প্রথমবার আমার একটু সমস্যা হয়েছিল। আমি যদি কিছুই না জানতাম, তাহলে আরও সমস্যায় পড়তাম।’
পিরিয়ড সম্পর্কে পাঠ্যবইয়ে কিছু কখনো পড়েছ?
যখন আমার পিরিয়ড হয় তার আগে কখনো পড়িনি, কিন্তু পরে সপ্তম শ্রেণির গার্হস্থ্য অর্থনীতি বইয়ে এ সম্পর্কে লেখা ছিল। তখন বই থেকে পড়ার আগেই আমার বান্ধবীদের প্রায়ই সবার এটা সম্পর্কে ধারণা ছিল।
তোমার কি মনে হয় পাঠ্যবইয়ে আরও আগে প্রজননস্বাস্থ্য সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া উচিত?
‘হ্যাঁ, আমার মনে হয় এটা করা উচিত। কারণ, আমার আপু আমাকে বলেছিলেন বলে আমি আগে থেকে ব্যাপারটা জানতাম। কিন্তু যারা বোন অথবা মায়ের সঙ্গে কিছু শেয়ার করতে পারে না ভালোভাবে, তারা তো সমস্যায় পড়বে। এ ছাড়া এ সময়টায় কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, তা মেয়েদের জানতে হবে। এ সময় পুষ্টিকর খাবারেরও প্রয়োজন হয়। অনেকেই এসব তথ্য জানে না। আমার মনে হয়, পাঠ্যবইয়ে প্রজননস্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা প্রয়োজন।’
নারী-পুরুষের সম্পর্ক নিয়ে জানার কৌতূহল কখনো তোমার হয়নি? তোমার কি মনে হয়, আমাদের পাঠ্যপুস্তকে এ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া উচিত?
‘আমার মনে হয় উচিত। আমি যখন চট্টগ্রামে থাকতাম তখন আমাদের বাড়ির নিচতলায় একজন আপু থাকতেন। তিনি যখন নাইনে পড়তেন তখন বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন। তারপর তিনি সেই সময়ই এমআর করেছিলেন। আমার কাছে মনে হয়, এ সম্পর্কে যদি তাঁর পড়াশোনা থাকত, তাহলে হয়তো এ সমস্যা হতো না।’