হেঁটে হেঁটে কিংবা দৌড়ে দৌড়ে নয়, রীতিমতো লাফিয়ে বেড়েছে পানির দাম। কিন্তু ওয়াসা কেন সহজ-সরল তরল পানিকে এভাবে লাফঝাঁপ দেওয়াচ্ছে? লম্ফ-রহস্য উদ্ঘাটনের জন্য রস+আলো গিয়েছিল ওয়াসার কর্তাব্যক্তির কাছে। রস+আলোর জিজ্ঞাসায় ‘জলবৎ তরলং’ করেই তিনি বুঝিয়ে দিলেন ব্যাপারটা। সঙ্গে ছিলেন শরীফ মজুমদার

মন চাইল আর দুম করেই ওয়াসা পানিকে লাফ দেওয়াল—ব্যাপার কিন্তু এমন নয়। এর পেছনে রয়েছে গভীর, সুদূরপ্রসারী আর বহুমুখী চিন্তাভাবনা। পানিকে নিয়ে ওয়াসার অনেক আশা-আকাঙ্ক্ষা। একদিন এই দামি পানি অলিম্পিকে যাবে, বিশ্বের বুকে ওয়াসার নাম উজ্জ্বল করবে...। সে জন্য এখন থেকেই ওয়াসা দামের দিক দিয়ে পানিকে লাফ দেওয়াচ্ছে। বলা তো যায় না, আগামী অলিম্পিকে এই পানির দামই হয়তো হাইজাম্পে ওয়াসাকে এনে দেবে ঝাঁকে ঝাঁকে গোল্ড মেডেল!

গ্রাহকেরা হরহামেশাই ‘ওয়াসার পানি অস্বাস্থ্যকর’, ‘ওয়াসার পানিতে অমুক’, ‘ওয়াসার পানিতে তমুক’-টাইপের হাজারো অভিযোগ করেন। এসব অমূলক অভিযোগের ভিত্তিতে ওয়াসা পানিকে স্বাস্থ্যকর করার জন্যই লাফঝাঁপের ব্যবস্থা করেছে। কারণ, লাফালে পানির স্বাস্থ্য ভালো থাকবে। ফলে ওয়াসাকে কষ্ট করে পানি বিশুদ্ধ করতে হবে না, এমনিতেই স্বাস্থ্যবান পানি পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে। তা ছাড়া জন্ম থেকেই শুয়ে-বসে থাকতে থাকতে পানি অলস হয়ে গেছে। যার কারণে একদিন লাইনে আসে তো তিন দিন আসে না। এখানে আসে তো ওখানে আসে না। এবার লাফঝাঁপ দিলে যদি একটু ‘গতি’ হয়!

বলা হয়, পানির অপর নাম জীবন। কিন্তু আপনি চাইলেন আর ‘পানির দরে’ লিটার লিটার জীবন পেয়ে গেলেন—এটা মোটেও ‘ফেয়ার’ না! দেরিতে হলেও ওয়াসা এই সত্য উপলব্ধি করতে পেরেছে। যদিও জীবন অমূল্য কিন্তু সাধ্য অনুযায়ী ওয়াসা জীবন তথা পানিকে যতটুকু সম্ভব ‘দুর্মূল্য’ করার আপ্রাণ চেষ্টা করেছে!

তরল হলেও পানিরও আছে শখ-আহ্লাদ। ‘লিকুইড সোসাইটির’ অন্যতম দামি সদস্য তেলের সঙ্গে মিশ খাওয়ার অনেক শখ পানির। কিন্তু দাম বেশি বলেই দেমাগে মাটিতে তেলের যেন ফোঁটা পড়েই না। তেলের সঙ্গে যাতে সহজে মেলামেশা করতে পারে, এ জন্যই বৈধ অভিভাবক হিসেবে ওয়াসা পানির দাম বাড়িয়েছে।

আজকাল তেল দেওয়া ছাড়া কিছুই হয় না। কিন্তু তেলের বাড়তি দাম এবং দেওয়ার মতো তেলের অপর্যাপ্ততার কথা বিবেচনা করে তেল মারা শিল্পকে টিকিয়ে রাখতে সুবিবেচক ওয়াসা পানির দাম ‘কিছুটা’ বাড়িয়েছে, যাতে তেলের বিকল্প হিসেবে কার্যকরভাবে পানিও মারা যায়!

এত এত নিঃস্বার্থ পরোপকারী হওয়া সত্ত্বেও মানবসমাজে পানির কিন্তু তেমন কদরই নেই। কিছু একটা নিরীহদর্শন হলেই মানুষ সেটাকে ‘পানির মতো সোজা’ বলে। একটু কম দাম হলেই সেটাকে ‘পানির দর’ বলে। এসব কথাবার্তা প্রকারান্তরে পানির বেইজ্জতির শামিল। আর পানির ‘মা-বাপ’ হিসেবে ওয়াসা এটাকে কোনোভাবেই বরদাশত করতে পারে না। তাই ‘দাম বাড়ানোর’ জন্যই পানির দর বাড়ানো হয়েছে। মানুষ এবার বুঝুক, কত ফোঁটায় কত দাম!