‘পার্বত্য চট্টগ্রামের মৌসুমি ফল আর নষ্ট হবে না’
‘এত দিন পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত মৌসুমি ফলের বড় অংশ হেলাফেলায় পড়ে থাকত। নামমাত্র দামে কেনার লোকও অনেক সময় পাওয়া যেত না। মুনাফা না পাওয়ায় অনেকে এসব ফল বেশি উৎপাদনের আগ্রহও হারিয়ে ফেলেন। কিন্তু মৌসুমি ফল নিয়ে এ রকম হেলাফেলা করার দিন শেষ হয়েছে। এখন থেকে পরিবারের লোকজন আম, জাম, কলা, কাঁঠাল, আনারস, পেঁপে, লিচু, জলপাই, আমলকী, বরইসহ বিভিন্ন জাতের ফল দিয়ে জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করার মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। এর ফলে পাহাড়ে দেশি ফল উৎপাদনের ব্যাপারে কৃষকেরা উৎসাহিত হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।’ বাংলাদেশ কৃষি গবেষণাকেন্দ্রের (জয়দেবপুর) উদ্যোগে রাইখালী কৃষি গবেষণাকেন্দ্রে শস্য সংগ্রহোত্তর প্রযুক্তিবিষয়ক তিন দিনের কর্মশালা শেষে এসব কথা বলেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনুর রশীদ। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে আম, জাম, কলা, কাঁঠাল, আনারস, পেঁপে, লিচু, জলপাই, আমলকী, বরই ইত্যাদি বিভিন্ন জাতের ফল বিপুল পরিমাণে উৎপন্ন হয়। কিন্তু পরিবহন সুবিধার অভাবে উৎপাদিত ফল ঠিকমতো বাজারজাত করা যায় না। অন্যদিকে যথাযথ ধারণার অভাবে এসব ফল সংরক্ষণও করা যায় না। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন জাতের মৌসুমি ফল দিয়ে জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি, সংরক্ষণ এবং বাজারজাত করার উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তিনি আশা করেন, এখন থেকে মৌসুমি ফল আর বিনষ্ট হবে না। কৃষি গবেষণাকেন্দ্রের ‘পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ’ ৪-৬ মে কাপ্তাইয়ের নারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে।বিভিন্ন শ্রেণী-পেশার ৩০ নারী এতে অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজিয়া খাতুন ও শাহিদা আক্তার জানান, জ্যাম ও জেলি তৈরি করতে না জানলেও আগে তাঁরা স্থানীয়ভাবে আমের আচার তৈরি করতেন। কিন্তু ওই আচার বেশি দিন সংরক্ষণ করা যেত না। তা ছাড়া আচার তৈরির যথাযথ প্রক্রিয়াও তাঁরা জানতেন না। এই প্রশিক্ষণে অংশ নিয়ে তাঁদের সেই অজ্ঞতা দূর হয়েছে। বেগুন, টমেটো ইত্যাদি সবজি দিয়ে আচার তৈরিও তাঁদের শেখানো হয়েছে। ২৯ মে থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে একই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।