‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে সাংসদেরা আন্তরিক নন’
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বিশিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন, পার্বত্য এলাকা থেকে নির্বাচিত আদিবাসী সংসদ সদস্যরা পার্বত্য চুক্তি বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক নন। তাঁরা বলেন, চুক্তি বাস্তবায়নের বিষয়ে আদিবাসী সাংসদদের সঙ্গে সুশীল সমাজ ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতবিনিময়ের প্রয়োজন রয়েছে। গত রোববার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পার্বত্য চুক্তি: বর্তমান অবস্থা’ শীর্ষক আঞ্চলিক সংলাপে এ অভিযোগ করা হয়। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। ধারণাপত্র উপস্থাপন করেন আদিবাসীবিষয়ক গবেষক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, সাবেক উপসচিব ইউ কে জেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, ভারত থেকে ফিরে আসা উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জুয়াম লিয়ান আমলাই, সাবেক রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, খাগড়াছড়ি জেলা নাগরিক কমিটির সভাপতি নিরাপদ তালুকদার প্রমুখ।পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে আদিবাসীদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এ সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে। এভাবে দীর্ঘদিন ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত থাকলে চুক্তি বাস্তবায়ন এবং এলাকায় আর্থসামাজিক উন্নতি সম্ভব নয়। একই সঙ্গে চুক্তি বাস্তবায়নের পক্ষে স্বাক্ষর ক্যাম্পেইন শুরু করা হলে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন। পার্বত্য চুক্তির পরও পার্বত্য চট্টগ্রামে যেভাবে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটছে, তা অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা শিগগির সংখ্যালঘুতে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। সংলাপে পার্বত্য চুক্তি বাস্তবায়নে অচিরেই সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকর, পার্বত্যচুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন এবং অচিরেই ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু, পার্বত্যচুক্তি ও চুক্তির অধীনে আইনসমূহের সাংবিধানিক হেফাজতসহ দেশের আদিবাসী জাতিগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ নিজ ভূমিতে যথাযথ পুনর্বাসন, অপারেশন উত্তরণ বাতিলসহ পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা, ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।