কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং ও মাদক প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ৫ থেকে ৭ মে পর্যন্ত ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয়, খুটাখালী কিশলয় বালিকা উচ্চবিদ্যালয়, খুটাখালী কিশলয় শিক্ষানিকেতন, খুটাখালী উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রচারণা চালানো হয়।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং ও মাদক—এই চারটি সমস্যা প্রতিটি সমাজে রয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে। ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বলে, ‘বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিদিন কিছু বখাটে উত্ত্যক্ত করছে। এখন পুলিশ আমাদের পাশে দাঁড়ানোয় সাহস পাচ্ছি।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ছাত্রীরা অনেক সময় উত্ত্যক্তের শিকার হলেও লজ্জায় কাউকে বলতে পারে না। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে। এখন আমরা একটি ফরম তৈরি করেছি, যেটিতে নাম প্রকাশ না করেই সব লেখা বলা যাবে। সব ছাত্রীর হাতে ফরমটি দেওয়া হয়েছে। এ ছাড়া বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধেও প্রচারণা চালানো হচ্ছে।’