উখিয়া সদর ইউনিয়ন রাজাপালং কমিউনিটি পুলিশের দ্বিবার্ষিক সম্মেলনে উখিয়া-টেকনাফ সার্কেলের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বলেছেন, ‘পুলিশের নামে কেউ দালালি বা চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশকে শত্রু না ভেবে জনগণের বন্ধু মনে করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতার জন্য তিনি দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান। ৬ আগস্ট বিকেলে উখিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে রাজাপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের আহ্বায়ক শাহজাহান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভার উদ্বোধন করেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপপরিদর্শক মইন উদ্দিন, অধ্যক্ষ শাহ আলম, রিয়াজুল হক, রাসেল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মুজিবুল হক। দ্বিতীয় অধিবেশনে শাহজাহান সিকদারকে সভাপতি ও মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে রাজাপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের কমিটি গঠন করা হয়।