সাড়ে চার বছর আগে বায়েজিদ এলাকায় বাস চাপায় মারা যায় বিদ্যালয়ছাত্র মো. জমিরুল ইসলাম। এ ঘটনায় মামলা হয়। ২২ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান মামলার রায় দেন। রায়ের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো রাষ্ট্রপক্ষের মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো—আসামি তথা গাড়িচালক মো. আলমগীর ২০০৬ সালের ১৫ আগস্ট বেপরোয়া গতিতে বাস চালিয়ে বায়েজিদ এলাকায় বাদীর ছেলেকে চাপা দেন। এতে ছেলেটির মৃত্যু হয়। তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০-এর ২৭৯ ও ৩০৪ (খ) ধারার অভিযোগপত্র দাখিল করেন। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় অভিযোগ গঠন করা হয়। গঠিত অভিযোগ উপস্থিত আসামিকে পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিচার প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ প্রমাণের জন্য চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়। বাদী জবানবন্দিতে বলেন, ‘ঘটনার দিন বিকেল পাঁচটায় আমার ছেলে মো. জমিরুল ইসলাম ওরফে সোহাগ কোচিং থেকে ফেরার সময় বায়েজিদ রাস্তার পূর্ব দিকে চৌধুরী অ্যাপারেলস গার্মেন্টসের পাশে দুর্ঘটনার শিকার হয়। এ সময় একটি বাস (চট্টমেট্রো-জ-১১-০১০৭) উত্তর দিক থেকে বেপরোয়াভাবে আমার ছেলেকে চাপা দিয়ে চলে যায়। জনৈক নজরুল ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমার ছেলের পকেটে থাকা মোবাইল থেকে লোকটি আমাকে খবর দেন। তিনি বলেন, ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করেছেন। বাসটি স্থানীয় জনতা আটক করে। চালক পালিয়ে যায়। পরে আমি মামলা করি।’ বিচারক আদেশে বলেন, তদন্তকারী কর্মকর্তা মো. ইউসুপ মিয়া তাঁর তদন্তের সমর্থনে জবানবন্দি দিয়েছেন। সব মিলিয়ে বলা যায়, উপস্থাপিত সাক্ষ্য আসামির নির্দোষিতা নয় বরং দোষিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাক্ষীদের বক্তব্য থেকে যেকোনো সাধারণ বোধসম্পন্ন মানুষ ধারণা করতে পারবেন যে, আসামি ২০০৬ সালের ১৫ আগস্ট বেপরোয়া গতিতে বাস চালিয়ে এজাহারকারীর ছেলেকে চাপা দিয়ে মৃত্যু ঘটান। কোনো পিতা চান না তাঁর সন্তান কষ্ট পাক। তা সে যেভাবেই হোক না কেন। এটা অপার মহিমাময় বিধাতা প্রদত্ত বাৎসল্য। এ বাৎসল্য চিরায়ত-শাশ্বত। সন্তানের মৃত্যু যেকোনো বাবার কাছে চরম অনাকাঙ্ক্ষিত ও কষ্টদায়ক। আদেশে এক মনীষীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে পুত্রের লাশ।’ হয়তো পৃথিবীর সবচেয়ে বড় কষ্টও এটা। এ মামলার এজাহারকারী তাঁর সন্তান হারিয়েছেন। শূন্য হয়ে গেছে তাঁর বুক। সন্তানের মৃত্যু শূন্য করে দিয়েছে মায়ের কোল। এ হাহাকার, এ হারানোর বেদনা কোনোভাবেই উপশম করা সম্ভব নয়। পিতৃস্নেহকে বুকে চেপে রেখে প্রাণপ্রিয় সন্তানের লাশ দাফন করতে হয়েছে। পিতা হিসেবে এ মৃত্যু তাঁর জন্য কখনো ভুলবার নয়।আদেশে আরও বলা হয়, মৃত ব্যক্তি হয়তো এখন এই পৃথিবীর দুঃখ-কষ্ট ও ব্যথা-বেদনার অনেক ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু কতটা শারীরিক কষ্ট পেয়ে সে মারা গেছে তা হয়তো ইহজগতের কেউ কোনো দিন জানবে না। কত স্বপ্ন কত আশা চিরদিনের জন্য অকালে শেষ হয়ে গেছে! অপরাধীর শাস্তি এসব ক্ষেত্রে ভুক্তভোগীর দুর্ভাগ্য এবং আপনজনদের মনোবেদনার তুলনায় তা অতিশয় নগণ্য।আদেশে আরও বলা হয়, পিতা হিসেবে বাদীকে ক্ষতিপূরণের হকদার বলে মনে হয়েছে। বর্তমান প্রচলিত ফৌজদারি আইনি কাঠামোতে সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। তবে ১৮৯৮-এর ৫৪৫ ধারায় আদায় করা জরিমানার আংশিক কিংবা পুরোটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যায়। আসামি জামিনে মুক্ত থেকে এই আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। কখনো জামিনের অপব্যবহার করেনি। এসব দিক এবং বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এ আদালত লঘুদণ্ড দেওয়া যুক্তিযুক্ত মনে করে। তাই আসামিকে ১৮৬০-এর ৩০৪ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হলো। অর্থদণ্ড বাবদ আদায় হওয়া নয় হাজার টাকা বাদীকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হোক। অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক। হাজতবাসের মেয়াদ সাজার মেয়াদ থেকে বাদ যাবে।