'পেটের দায়ে জান হাতে নিয়ে রাস্তায় নামি'
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশজুড়ে উদ্বেগউৎকণ্ঠা বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে টানা ৬০ ঘণ্টার হরতাল। হরতালে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পোশাকশ্রমিক ও পেশাজীবীদের অনেককেই হরতালে কর্মক্ষেত্রে যেতে হয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল কর্মসূচি নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকেরা প্রতিক্রিয়া জানিয়েছেন।
সুলতান মাহমুদ: পান-সিগারেটের ছোট্ট দোকান চালিয়ে চারজনের সংসারের খরচ জোগাচ্ছেন সুলতান মাহমুদ। হরতালের ঘোষণা তাঁর মুখে ফেলেছে কালো ছায়া। ২৫ অক্টোবরের পাল্টাপাল্টি কর্মসূচির দিনই তিনি দোকানের অধিকাংশ রসদ সরিয়ে ফেলেছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘হরতাল ডেকে বড় বড় নেতারা ঘরে বসে এসি রুমে টেলিভিশন দেখেন। আর রাস্তায় মারামারি করে আমাদের মতো মানুষেরা। এবার আর কোনো দলকেই ভোট দিব না।’
মোহাম্মদ জামাল: সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ জামাল জানান, প্রতিদিন মালিককে ৬০০ টাকা জমা দেওয়ার পর যা বাকি থাকে, সেটি দিয়ে তাঁর সাতজনের পরিবার চলে। তিনি বলেন, ‘হরতালকারীরা তো দেখলেই আগুন দেয়, গাড়ি ভাঙে। তার পরও পেটের টানে জান হাতে নিয়ে নামি। গত হরতালে মালিক গাড়ি বের করতে দেয়নি। এবারও যদি তাই হয়, তাহলে পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হবে।’
পারুল বেগম: চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করেন পারুল বেগম। থাকেন পাহাড়তলীর অলংকার মোড় এলাকায়। অন্য দিন কারখানার মিনিবাস থাকলেও, হরতালের দিন থাকে না। তিনি বলেন, ‘আমরা কয়েকজন দল বেঁধে এতখানি রাস্তা হেঁটে যাই। ভাঙচুরের ভয়ে গাড়িতে উঠি না। খুব কষ্ট হয়। তার পরও কারখানায় যেতে হয়। না গেলে তো চাকরি চলে যাবে।’
হাসান মাহমুদ: বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হাসান মাহমুদকে প্রতি হরতালেই কর্মস্থলে যেতে হয়। তিনি বলেন, ‘চাকরির স্বার্থে যত দুর্যোগই থাকুক, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হতে হয়। পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠিত থাকেন সারা দিন।’