'পোলাপানই গরিবের সয়-সম্পদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে তিন ছেলেমেয়ের সঙ্গে নাসরিন ও তাঁর স্বামী
ছবিতে তিন ছেলেমেয়ের সঙ্গে নাসরিন ও তাঁর স্বামী

ভাদ্র মাসের ভ্যাপসা গরম-দুপুর। সারি বাঁধা টিনের ঘর। বস্তির নাম কড়াইল। এর মধ্যে বদ্ধ ও ছোট্ট একটা টিনের ঘর। সর্বোচ্চ আট ফুট বাই সাত ফুট। এখানে আলো-হাওয়া প্রবেশের অনুমতি নেই। উজ্জ্বল সূর্যালোক থেকে ওই ঘরের ৪০ পাওয়ারের বাল্বের আলোয় চোখ প্রায় অন্ধকার। বেশ কয়েক মুহূর্ত পরে টের পাই পুরো ঘরে একটাই বিছানা। সেখানে শুয়ে আছে একটি শিশু। পাশেই বসে কাঁদছে বছর খানেক বয়সের আরেকটি শিশু। ঘরের পাশেই দুটি ইট দিয়ে এক নারী রান্না করছেন। মাথায় ঘোমটা।আপা, আপনার নাম কী?
ঘোমটার ভেতর থেকে উত্তর ভেসে এল, ‘নাসরিন বেগম।’
আপনি আমার সঙ্গে একটু গল্প করবেন নাসরিন আপা?
একটু বইয়েন। সালুন নামায়ে আইতাছি।’
হাত মুছে ঘরের ভেতরে গিয়ে কান্নারত ছোট ছেলেকে কোলে নিয়ে বাইরে আসেন নাসরিন। ‘দুধ পায় না, হের লাইগ্যা খালি কান্দে’—ছেলে সম্পর্কে নাসরিন নিজে থেকেই কথা বলতে শুরু করেন। জানান সংসারে অনেক খরচ, সে জন্য ভাতের মাড় খাওয়ান কোলের শিশুকে।

জানতে চাই, ঘরে যে শুয়ে আছে সে কে?

আমার পোলা।

আপনার কয় বাচ্চা?

ছয় বাইচ্চা।

কিন্তু এত বাচ্চা কেন নিলেন?

‘আল্লায় খুশি হইয়াই দিছে, আল্লায়ই খাওয়ায়।’ বেশ রাগ করেই এই প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেন ছয় সন্তানের মা নাসরিন বেগম। আশপাশে জমে যাওয়া উৎসুক মানুষের ভিড় থেকে এই কথার সমর্থনই পান নাসরিন।

নাসরিনের পাশে এসে দাঁড়ান তাঁর স্বামী মো. শাহজাহান। কথায় কথায় জানা গেল, শাহজাহান-নাসরিন দম্পতির বড় সন্তান আসমা বেগমের বয়স মাত্র ১৫ বছর। আসমা ও তার পরের ভাই সবুজ (১৪) বস্তির পাশে একটি পোশাক কারখানায় বোতাম লাগানোর কাজ করে। সবুজের পরেই ইমরান (১৩)। তাঁর পরে মেয়ে শাবনূর (১২)। গ্রামে থাকতে পড়াশোনার প্রতি ঝোঁক থাকায় এখন শাবনূরকে ব্র্যাকের স্কুলে পড়তে পাঠান নাসরিন। এরপর দুই ছেলে হূদয় (৯) ও মেহেদী (১)। বলে রাখা ভালো হূদয় ও মেহেদীর মাঝে নাসরিনের আরও তিনটি সন্তান হয়েছিল, যারা এখন মৃত।

প্রতিবেদককে এনজিওকর্মী ভেবে ঘরের সবার খাওয়া-পরা নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিলেন স্বামী-স্ত্রী। তাঁদের কথার ধরনে বোঝা গেল পরিবার পরিকল্পনার বিষয়ে এনজিওকর্মীরা তাঁদের বারবার সচেতন করার চেষ্টা করেছেন। কিন্তু এই দম্পতি তাঁদের কথায় কান দেননি। তাই নতুন করে সন্তান নেবেন না বলে আশ্বাসও দিয়ে ফেলেন পেশায় রিকশাচালক শাহজাহান।

কিন্তু ছবি তোলার জন্য অনুমতি নিতেই পেছনের ভিড় থেকে একটি জোরালো কণ্ঠস্বর, ‘হে এনজিওকর্মী না। সাংবাদিক। ছবি তুলবার লাগছে।’

ছবিতে অবশ্য আপত্তি নেই কারও। মাথায় শাড়ির আঁচল টেনে নাসরিনের সলাজ স্বগতোক্তি—‘পুলাপান হইছে দেইখা বয়স বেশি দেখায়।’

তা এত পোলাপান নিলেন কেন? শরীরের কষ্ট, খাওয়ার কষ্ট—প্রশ্ন শুনে চোখ উদাস হলেও হাসিমুখে নাসরিন বলেন, বুড়াবুড়িরা কয়, যত বেশি পোলাপান তত সওয়াব হয়।’

অন্যদিকে শাহজাহান স্ত্রীকে লুকিয়ে বলেন, ‘মাইয়া মানুষের পেট খালি রাখন ভালা না, সংসারের ক্ষতি হয়।’

তাহলে এতগুলো মুখের খাওয়া কোথা থেকে আসবে? আপনার শরীরও ভাঙা।

শাহজাহান বলেন, ‘হুম। ব্যারাম আছে। তয় দুই পোলা-মাইয়া গার্মেন্টসে কাম করে। মাসে চার হাজার থেকে ছয় হাজার টাকা আনে। চইলা যায়।’

ছেলেমেয়েদের পড়াশোনা করানোর পক্ষপাতী নন এই দম্পতি। তাঁদের আশা, এতগুলো ছেলেপিলের মধ্যে কোনো একটা তো বাপ-মাকে বুড়া বয়সে দেখবে। 

নাসরিনের স্বগতোক্তি, ‘পোলাপানই আমাগো মতো গরিবের সয়-সম্পদ।’