'প্যাঁচা-স্বভাব' নাকি আপনি 'গানের পাখি'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যাঁচা আর ভোরের গানের পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে সকালে জেগে ওঠা বা রাত জেগে থাকার স্বভাব।
প্যাঁচা আর ভোরের গানের পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে সকালে জেগে ওঠা বা রাত জেগে থাকার স্বভাব।

‘আমি হব সকালবেলার পাখি/ সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি’। শৈশব থেকেই কবির এ প্রত্যয়ে সুর মিলিয়েছি আমরা। কিন্তু আপনি কি সাতসকালে ঘুম থেকে ওঠেন নাকি গভীর রাত পর্যন্ত ঘুমহীন কাটিয়ে বেলা করে বিছানা ছাড়েন। অবশ্য সাম্প্রতিক এক গবেষণা বলছে, এটি নাকি অনেকটাই নির্ভর করে আপনার জিন বা বংশগতির ওপর। বিজ্ঞানীদের নতুন এক গবেষণার বরাত দিয়ে বিবিসি এক খবরে এ কথা জানিয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ঘুম আর জাগরণের প্রশ্নে আমরা আসলেই দুই ভাগে বিভক্ত। যাঁরা রাতে জেগে থাকেন তাঁরা ‘প্যাঁচা’ স্বভাবের আর যাঁরা ভোরে ঘুম থেকে ওঠেন, তাঁরা ‘গানের পাখি’। আর পূর্বপুরুষদের কাছ থেকে জিন বা বংশগতির মাধ্যমেই আমরা উত্তরাধিকার সূত্রে এই ‘প্যাঁচা-স্বভাব’ বা ‘গানের পাখির স্বভাব’ পেয়ে থাকি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোজেনেটিসিস্ট লুইস টাসেক বলেছেন, ‘আমাদের পছন্দ হোক বা না-ই হোক, মা-বাবারা আমাদের যে জিন দিয়েছেন, তার নিরিখেই তারা আমাদের বলেন, কখন ঘুমাতে যেতে হবে আর কখন উঠতে হবে।’

একজন ব্যক্তি দিনের কোন সময়টায় সবচেয়ে বেশি কর্মক্ষম থাকেন, তা বুঝতে পারার প্রতি গুরুত্বারোপ করছেন গবেষকেরা। যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের ‘ঘুম গবেষণাকেন্দ্রে’র অ্যাপক ডার্ক ইয়ান ডাইক মনে করেন, আমাদের মধ্যে কতটা ‘প্যাঁচা-স্বভাব’ বা ‘গানের পাখির স্বভাব’ আছে, তা বুঝতে পারলে ২৪ ঘণ্টা বা সাত দিনের এই চক্রে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারব আমরা।

২৪ ঘণ্টার দেহঘড়ি

অন্যান্য প্রাণী ও উদ্ভিদের মতো মানুষের দেহেও ক্রিয়াশীল ‘সারকাডিয়ান ক্লক’ বা ২৪ ঘণ্টার দেহঘড়ি। পৃথিবীর আহ্নিক গতির কারণে রাত-দিনের বা সূর্যালোকের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে একটি বিশেষ ছন্দে আমাদের দেহে এটা কাজ করে। মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাসের ভেতর সুপ্রাসিয়াজম্যাটিক নিউক্লিয়াসের কাঠামোয় হাজার হাজার স্নায়ুর সমন্বয়ে এই মূল দেহঘড়িটি গঠিত।

হরমোন নিঃসরণ থেকে শুরু করে তাপমাত্রা কমানো-বাড়ানো এবং পানি গ্রহণ পর্যন্ত নানা শারীরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। ২৪ ঘণ্টার এই দেহঘড়ি প্রতিদিন আলোর সংস্পর্শে এসে ‘রিসেট’ বা ‘পুনঃ অভিযোজিত’ হয়। এ পর্যন্ত জেনে আমরা আশা করতেই পারি, পৃথিবীতে যেহেতু ২৪ ঘণ্টায় রাত-দিন হয়, সুতরাং আমাদের দেহঘড়িও এর সঙ্গে তালমিলিয়ে চলবে। কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। আর এজন্যই জানতে চাওয়া, আপনি প্যাঁচা না গানের পাখি?

শক্তিশালী জিনগত বৈশিষ্ট্য

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির অধ্যাপক রিক নেউবিগ এদিক থেকে পুরোপুরিই ‘গানের পাখি-স্বভাবের’। তিনি জানিয়েছেন, ইউরোপে যাঁদের সঙ্গেই তাঁর যোগাযোগ হয়, প্রত্যেকেই খেয়াল করেছেন যে, তিনি খুব ভোরে ই-মেইল পাঠান। আর নিজের সকালে ওঠার অভ্যাসের যে বিষয়টি তিনি খুব পছন্দ করেন, তাহলো তিনি একজন একনিষ্ঠ ‘পাখি পর্যবেক্ষক’। এ অভ্যাসের কারণেই ভোরে উঠে পাখি দেখার দৌড়ে তিনি অন্যদের তুলনায় এগিয়ে থাকেন। রিকের পরিবারের অন্য সদস্যরাও এই একই স্বভাবের। তিনি জানান, ‘আমার মা সব সময়ই আমাদেরকে ভোর চারটার সময় বিছানা থেকে টেনে তুলতেন। আর এখন আমার মেয়েও সাতসকালে কাজে বেরোয়।’

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোজেনেটিসিস্ট লুইস টাসেক এমন গানের পাখি-স্বভাবের পরিবারগুলো নিয়ে গবেষণা করছেন। গবেষকেরা একে বলছেন ‘ফ্যামিলিয়াল অ্যাডভান্সড স্লিপ ফেইজ সিনড্রোম’। পাশাপাশি এর বিপরীত বৈশিষ্ট্য বা প্যাঁচা-স্বভাবের পরিবারগুলো নিয়েও গবেষণা করছেন তাঁরা। চিকিত্সাবিজ্ঞানের ভাষায় তাঁরা একে বলছেন ‘ফ্যামিলিয়াল ডিলেইড স্লিপ ফেইজ সিনড্রোম’।

বিশ্ব ঘুম মানচিত্র!

সারা জীবন ধরে আমাদের ‘দেহঘড়ির’ কাঁটা একই গতিতে চলে না। ছোট বাচ্চা-কাচ্চা আছে, এমন মা-বাবারা এটা হয়তো খুব হাড়ে হাড়েই টের পান। যেমনটা জানেন পরিবারের প্রবীণ সদস্যরাও। আসলে শেষ বিচারে সমাজে চালু নয়টা-পাঁচটা কর্মঘণ্টার সঙ্গেই আমাদের খাপ খাইয়ে নিতে হয়। কিন্তু এটা অনেকের জন্যই বিশাল সমস্যা। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক মেরি কার্সকাডোন অনেক দিন ধরেই প্রচার চালাচ্ছেন শিশুদের স্কুলের সময়সূচি পিছিয়ে দেওয়ার জন্য। তিনি মনে করেন, ঘুমের ঘাটতি হলে শিশুদের মন ভালো থাকে না, তাদের মধ্যে মনোযোগের অভাব দেখা যায় এবং এটা পাঠ গ্রহণের জন্য খুবই ক্ষতিকর।

কিশোর-কিশোরীরা সকাল সকাল ঘুম থেকে ওঠা নিয়ে খুবই গ্যাঁড়াকলে পড়ে। জার্মানির লুডভিগ-মাক্সিমিলিয়ান্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিল রনেনবেয়ার্গ এই বয়সী ছেলেমেয়েদের ঘুমের অভ্যাস নিয়ে গবেষণা করছেন। তিনি বলছেন, ‘আমরা চাইলেই দেখাতে পারি যে কিশোর-কিশোরীদের দেরি করে ওঠার অভ্যাস একটা বাস্তব ঘটনা। শৈশব এবং বয়ঃসন্ধিকাল ধরে তারা দেরি করে ওঠে। মেয়েরা সাড়ে ১৯ বছর এবং ছেলেরা ২১ বছর বয়সে গিয়ে এই দেরি করে ওঠার একটা বিশেষ মাত্রায় পৌঁছায়। খুবই অবাক ব্যাপার যে, এটা এতটাই স্পষ্ট।’

ঘুমবিষয়ক জরিপের জন্য ‘মিউনিখ ক্রনোটাইপ কোশ্চেনিয়ার’ নামে খ্যাত প্রশ্নাবলির রচয়িতা এই জার্মান বিজ্ঞানী জানিয়েছেন, তাঁদের তথ্যভান্ডারে দুই লাখ অংশগ্রহণকারীর ঘুম-জাগরণের অভ্যাসের তথ্য-উপাত্ত আছে। এ নিয়ে একটি ‘বিশ্ব ঘুম মানচিত্র’ বানানোরও আশা করছেন তাঁরা।

সামাজিক জেট ল্যাগ

ঘুমহীনতা বা ঘুমের ব্যাঘাত পরিমাপ ও ব্যাখ্যা করার একটা দারুণ কৌশল বের করেছেন অধ্যাপক রনেনবেয়ার্গ। পূর্ব বা পশ্চিম দিকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণের পর স্থানীয় সময়ের বা  দিন-রাতের সঙ্গে তাল মেলাতে আমারা যেমন ‘জেট ল্যাগে’ ভুগি, তেমনি ঘুম নিয়েও একটা ‘সামাজিক জেট ল্যাগ’ আছে বলে মনে করেন এই বিজ্ঞানী।    

সাপ্তাহিক কাজের বা স্কুল-কলেজের দিনগুলোতে যে আমরা ঘড়ির অ্যালার্মের ওপর নির্ভর করে ঘুম থেকে উঠি, একেই ‘সামাজিক জেট ল্যাগ’ বলে অভিহিত করছেন তিনি। কাজের দিনগুলোতে আমাদের ঘুমের ঠিক মাঝ সময়টা (ধরুন রাত দুটো বা তিনটা) থেকে ছুটির দিনগুলোতে ঘুমের মাঝ সময়টা (ধরুন রাত চারটা বা পাঁচটা) কিছুটা এগোনো থাকে। আর এই পার্থক্যই হলো সামাজিক জেট ল্যাগ। তাঁর মতে, বেশির ভাগ মানুষই কমপক্ষে এক থেকে দুই ঘণ্টা এমন ‘সামাজিক জেট ল্যাগে’ ভোগেন। তবে তরুণ-তরুণীদের মধ্যে এটা চার থেকে পাঁচ ঘণ্টাও হতে পারে। তরুণদেরও যে বয়স্কদের সঙ্গে একই সময়ে একই রুটিনে কাজে যেতে হয়, এটাই এ সমস্যার কারণ বলেও মনে করেন তিনি।