‘প্রকৌশল শিক্ষা ও গবেষণায় দৃষ্টান্ত স্থাপন করবে চুয়েট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রকৌশল শিক্ষা-গবেষণায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে চুয়েট। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে চুয়েট দ্রুতই সুন্দর পরিবেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা-গবেষণার এক অনুপম অঙ্গনে পরিণত হবে।’চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, চুয়েটে নতুন লাইব্রেরি ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে যাকে ডিজিটাল লাইব্রেরি হিসেবে গড়ে তোলা হবে। এই ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে চুয়েট অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত থাকবে। লাইব্রেরির সঙ্গে একটি কফি হাউস রাখার পরিকল্পনাও রয়েছে।উপাচার্য বলেন, চুয়েটে বিদ্যুতের একটি সাব-স্টেশন স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাহ্যিক পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দুই-এক বছরের মধ্যে সবগুলো ক্লাস ও ল্যাবের কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। এ ছাড়া ছাত্রাবাস ও ক্যানটিনের সংস্কার এবং যানবাহনসহ দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।১৯ সেপ্টেম্বর চুয়েটের প্রশাসনিক ভবনে প্রথমবারের এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয় এতে। এ ধরনের মুক্ত আলোচনা প্রতি মাসে আয়োজন করা হবে।চুয়েট সাংবাদিক সমিতির কর্মকর্তারা এ মুক্ত আলোচনাকে (ট্রান্সফারেন্সি টক) স্বচ্ছতা-জবাবদিহিতামূলক ও ব্যতিক্রমধর্মী প্রথা বলে মন্তব্য করেন। এ জন্য তাঁরা উপাচার্যকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, ছাত্রকল্যাণের পরিচালক ড. আশুতোষ সাহা, হিসাব নিয়ামক (কনট্রোলার) মো. মাসুদুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।