‘প্রতিদিন গাড়ির ধাক্কা খায় কেউ না কেউ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে করে ষোলশহর স্টেশনে এসে নামি। এরপর হেঁটে পার হতে হয় ষোলশহর মোড়। প্রায় প্রতিদিনই কেউ না কেউ গাড়ির ধাক্কা খায়। আজ যেমন অল্পের জন্য বেঁচে গেলাম আমি।’ গত ২৮ এপ্রিল বেলা সাড়ে তিনটার দিকে ষোলশহর এলাকায় কথা হয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা খাদিজার সঙ্গে। তিনি একটু আগে রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের সঙ্গে নিজের ধাক্কা লাগার কথা বলছিলেন।নগরের ষোলশহর মোড়ে হাঁটার সেতু (ফুটওভার ব্রিজ) না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীসহ পথচারীরা। এখানে প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। শিক্ষার্থীদের দাবি, রাস্তা পারাপারের জন্য এ মোড়ে একটি পায়ে হাঁটার সেতু নির্মাণ করা হোক।জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১২ হাজারের বেশি শিক্ষার্থী শহরে থাকেন। এসব শিক্ষার্থীর বেশির ভাগই শাটল ট্রেনে যাতায়াত করেন। তাঁদের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষার্থী ষোলশহর স্টেশনে নামেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক একটি শাটল ট্রেনে করে একসঙ্গে প্রায় দুই হাজার শিক্ষার্থী ষোলশহর স্টেশনে এসে নামেন। এসব শিক্ষার্থীসহ নগরের অপর পথচারীরা একসঙ্গে ষোলশহর স্টেশন থেকে রাস্তা পার হয়ে অপর প্রান্ত উডল্যান্ড পার্কের পাশে আসার সময়েই ঘটে বিপত্তি। কখনো চলন্ত বাস, কখনো সিএনজিচালিত অটোরিকশা আবার কখনো রিকশার সঙ্গে ধাক্কা খাচ্ছেন তাঁরা। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা জরুরি। এখন আমরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হই।’ নগরের খুলশী এলাকার বাসিন্দা পথচারী নাফিস জোয়ার্দার বলেন, ‘নগরের অনেক জায়গায় ফুটওভারব্রিজ অব্যবহূত অবস্থায় পড়ে থাকে। অথচ এমন গুরুত্বপূর্ণ স্থানে কর্তৃপক্ষ কোনো ফুটওভারব্রিজ নির্মাণ করছে না।’এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটার কথা জানিয়ে বাসচালক আজাদ মিয়া বলেন, ‘শাটল ট্রেন থেকে নেমে একসঙ্গে অনেক শিক্ষার্থী রাস্তা পার হওয়ার কারণে এ স্থানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। তার পরও ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটে যায়।’