ব্যস্ত মানুষদের তালিকা করলে সেই তালিকায় সবচেয়ে ওপরের দিকে থাকবেন একজন ফেসবুকার। আর এর মধ্যে সেলিব্রিটি ফেসবুকার ‘কিউট এভিল’ আছেন আরও ওপরের দিকে। ফেসবুক মেসেঞ্জারে একান্ত আলাপচারিতায় তিনি জানালেন ঈদ নিয়ে তাঁর পরিকল্পনার কথা। সঙ্গে ছিলেন মোস্তফা মনোয়ার
এখনকার ঈদ কেমন কাটে?
এখনকার মানুষ কি আর আগের মতো ঈদ উদ্যাপন করে? ফেসবুক যখন আসেনি, তখন কী চমৎকার ঈদই-না কাটিয়েছি আমরা! সবাই ঈদে কত মজা করত, এখন তো খালি ফেসবুক আর ফেসবুক। ঈদগুলো কেমন যেন চার্ম হারিয়ে ফেলেছে... আচ্ছা, এটা নিয়েও তো একটা দারুণ স্ট্যাটাস হতে পারে, ‘ঈদগুলো কেন এমন হয়ে গেল’—এই টাইপের! কী বলেন আপনি?
এবার ঈদে কোনো বিশেষ পরিকল্পনা?
এখনো কিছু ফাইনাল করিনি। তবে ভাবছি, চাঁদরাতেই ‘ছোটবেলার ঈদ’ নিয়ে একটা স্ট্যাটাস দেব। আশা করি ফ্যান-ফলোয়াররা লাইক করবে। আর ঈদের দিন সকালে পাঞ্জাবি পরে সেলফি তো থাকবেই। তা ছাড়া প্রতি ঈদেই তো কোনো না কোনো ইস্যু চলে আসে। সেসব নিয়েও থাকবে আমার জ্ঞানগর্ভ স্ট্যাটাস। বিকেলে বা সন্ধ্যায় লাইভেও আসতে পারি। রাতে ‘ঈদ কেমন গেল’—এ নিয়ে আরেকটা স্ট্যাটাসে শেয়ার করব আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার আলোকে। সঙ্গে থাকতে পারে পুরোনো দিনের ঈদের ছবি। আর সারা দিন মেসেঞ্জারে অ্যাকটিভ তো থাকবই। ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় হবে।
ঈদে কোথাও ঘুরতে যাবেন?
এখন আসলে বাস্তবে তেমন ঘুরতে যাওয়া হয় না। যখন ফেসবুক ছিল না, তখন বেশ ঘুরতে-টুরতে যেতাম। এখন ফেসবুকের বিভিন্ন পেজেই ঘুরি।
বন্ধুদের সঙ্গে কোনো প্ল্যান?
অবশ্যই! বন্ধুরা আছে বলেই না আমি আছি। বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাটে ধুমায়া আড্ডা হবে। কারও কারও সঙ্গে ছবি শেয়ার হবে। লাইক-কমেন্টস তো থাকবেই।
ঈদ উপলক্ষে অনেকেই অনেক ভালো কাজ করে। আপনি এমন কিছু করছেন?
আরে ভাই, আপনি আমার প্রোফাইল থেকে ঘুরে আসেন না একটু! প্রতিদিনই সুবিধাবঞ্চিতদের ছবি শেয়ার করছি। সঙ্গে থাকছে টাচি রাইটআপ। নোটিফিকেশনের বন্যায় ভেসে যাচ্ছি। এক গবেষণায় দেখেছি, এ ধরনের পোস্টে লাইক রিঅ্যাকশনের চেয়ে লাভ রিঅ্যাকশনই বেশি পড়ে। সুবিধাবঞ্চিতদের জন্য আমার এক শ টেরাবাইট ভালোবাসা!
বাহ্ বাহ্! তো ভালো থাকুন। আগাম ঈদ মোবারক।
আপনাকেও ঈদ মোবারক। লাইক-কমেন্ট করে পাশে থাকবেন।