‘প্রতিবন্ধী নই, প্রতিযোগী হব’
নতুন হুইলচেয়ারে বসেছেন শুক্রাচার্য চাকমা (৭৫) ও হযরত আলী (১৫)। কিন্তু চাকা ঘোরাতে পারছিলেন না। অবশেষে একজন সংগঠক এসে তাঁদের দুজনকে হুইলচেয়ারের ব্যবহার দেখিয়ে দিলেন। চাকা ঘুরতেই আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তাঁদের মুখ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৯ জানুয়ারি এমন প্রাপ্তি আর প্রত্যাশার আনন্দে নতুনভাবে উজ্জীবিত হয়েছিলেন ৩০০ প্রতিবন্ধী।উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রতিবন্ধী নই, প্রতিযোগী হব’ স্লোগানে প্রতিবন্ধী সম্মেলনের আয়োজন করেছিল কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবলড (সিএসডি)। সহযোগিতায় ছিল বার্জার পেইন্টস লিমিটেড। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি দুজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ৩০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সিএসডির সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত। বক্তব্য দেন তেজস্বী বীরের উপ-অধিনায়ক মেজর মোশারফ হুসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতিবন্ধী না বলে বলা উচিত প্রতিযোগী। তারা সমাজের বোঝা নয়। বিশ্বের অনেক মনীষী প্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধকতা তাঁদের মেধাকে দমিয়ে রাখতে পারেনি। একটু ভালোবাসা পেলে তাদের মধ্য থেকেও মেধাবী নাগরিক তৈরি হবে।’