'প্রতিশ্রুতি যেন কাগজেই থেকে না যায়'
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা চট্টগ্রামের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর আগের নির্বাচনগুলোতেও প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছেন ভোটাররা। কিন্তু নগরের চেহারা বদলায়নি, বরং নাগরিক সমস্যাই দিন দিনই বেড়েছে। নগরের তরুণ ভোটাররা মনে করেন, প্রার্থীদের সদিচ্ছা থাকলে নির্বাচিত হওয়ার পর বেশির ভাগ প্রতিশ্রুতি তাঁরা বাস্তবায়ন করতে পারবেন।
নগরের বেশ কয়েকজন তরুণ ভোটারকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যৎ নির্বাচিত মেয়রের কাছে প্রত্যাশা কী? উত্তরে সব ভোটারই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন। নির্বাচিত মেয়রের কাছে এটাই তাঁদের বড় প্রত্যাশা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনে নতুন ভোটার হওয়াদের মধ্যে ৭৩ হাজার ৮৫০ জনই তরুণ। নির্বাচনে তাঁদের মতামতও প্রভাবক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তাসনীম ফাইজাহ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে। ভোট দেবেন ২৭ নম্বর ওয়ার্ডে। তিনি বলেন, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, প্রার্থীরা সেসব যেন পূরণ করেন; যদিও কারও একার পক্ষে প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। তবে জনগণকে সঙ্গে নিয়েই যেন তাঁরা প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী হন।
তবে মেয়র প্রার্থীদের মধ্যে কারও কারও দেওয়া প্রতিশ্রুতি নিয়ে তাঁর একটু অন্য রকম মত আছে। তিনি বলেন, চট্টগ্রাম শহরের উন্নয়ন করতে গিয়ে প্রকৃতির কথাটা যেন মাথায় রাখেন নির্বাচিত মেয়ররা। প্রকৃতির ক্ষতি করে যেন কোনো উন্নয়ন না হয়। ফাইজাহর আশা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তিনি।
তাসনীম ফাইজাহর মতো চট্টগ্রামের তরুণেরা নির্বাচন নিয়ে উত্তেজিত ও রোমাঞ্চিত হলেও প্রার্থীদের ব্যাপারে তাঁরা সচেতনও। নতুন মেয়রের কাছে তাঁদের আছে নানা দাবি, আছে পারামর্শও। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফজলুর বিন করিম বলেন, ‘সদিচ্ছা থাকলে ৮০ শতাংশ প্রতিশ্রুতিই বাস্তবায়ন সম্ভব। তাই নতুন মেয়রের কাছে আমার প্রত্যাশা থাকবে, রাজনৈতিক লাভ–ক্ষতির হিসাব ভুলে সদিচ্ছা নিয়ে জনগণের জন্য তিনি কিছু করবেন।’
দেশের বর্তমান পরিস্থিতিতে ভোটকেন্দ্রে যাওয়া নিয়েও তাঁর ভীতি কাটছে না। তিনি বলেন ‘আমরা রাজনৈতিক সমস্যা নিয়ে বাস করছি। সব পক্ষের কাছে ভালো কিছু আশা করি।’
নতুন মেয়রের কাছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র আনিসুর রহমানের চাওয়াটা আবার ভিন্ন। তাঁর চাওয়া, নগর ভবন যাতে রাজনীতির আখড়া না হয়। তাঁর আরেকটি পরামর্শ হলো চট্টগ্রামকে মেগাসিটি করার আগে যাতে বাসযোগ্য করে তোলা হয়।
চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী নাজিয়া নওরীন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ভোটার। তিনি বলেন, ‘অতীতের শিক্ষা থেকে বুঝতে পারি, নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন না কেউ। তাই নতুন যিনি মেয়র হবেন, তাঁর জন্য আমার পরামর্শ, উচ্চাভিলাষী হওয়া ভালো, তবে প্রতিশ্রুতি যেন কাগজেই থেকে না যায়।’