‘ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরাজিত প্রার্থীরাই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।’চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী এ কথা বলেন। ১০ জুলাই হাসপাতালের সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩০ জুন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে হাসপাতাল রক্ষা পরিষদ নামে একটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। এতে হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সমিতির আজীবন সদস্যের একাংশসহ ভুক্তভোগী রোগী ও অভিভাবকেরা অংশ নেন। সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমানের সভাপতিত্বে ১০ জুলাইয়ের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আহমেদ খান, সহসভাপতি এস এম শওকত হোসেন, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য এ এস এম জাফর, ডা. মুহাম্মদ আবুল কালাম, নিজামউদ্দিন মাহমুদ হোসেন, মো. শাহনেওয়াজ প্রমুখ।এতে সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘অনুমোদন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, আমাদের তা আছে এবং তা প্রক্রিয়াধীন আছে।’লিফট কেনায় দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ কে খান গ্রুপ আমাদের বেড লিফট কেনার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছে। প্রথম দুবারের দরপত্র বাতিল করে তৃতীয়বারেরটি গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী, সমিতির সভায় অনুমোদন পাওয়ার পরই কার্যাদেশ দেওয়া হয়েছে।’ জাহাঙ্গীর চৌধুরী জানান, বর্তমানে হাসপাতালের ফার্মেসিতে দিনে ৭০-৮০ হাজার টাকার ওষুধ বিক্রি হচ্ছে। আগে বিক্রি হতো ১২-১৪ হাজার টাকার। গত মাসে ওষুধ বিক্রি বাবদ আয় হয়েছে দুই লাখ টাকা। হাসপাতালে ২০০৭-০৮ সালে সেবা পেয়েছে এক লাখ ২০ হাজার রোগী। বর্তমানে এ সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৭১৭ জন। কর্মকর্তা-কর্মচারীদের ২০০৯ সালের সরকারি মজুরি কাঠামো, দলগত বীমা চালু, ডায়াবেটিক মেলা চালু, এনায়েতবাজার, কাট্টলী, বন্দরটিলা ও অক্সিজেনে চারটি শাখায় বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত, নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং মেডিকেল কলেজ চালুর জন্য দুটি ২০তলা ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান জাহাঙ্গীর চৌধুরী।