'প্রতিহিংসা নয়, সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য শপথ দরকার'
একমাত্র সঠিক শিক্ষার মাধ্যমে আমরা উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারি। শিক্ষার্থীদের বইকে বুকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক জাতি গঠনেও শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাম্প্রদায়িকতা দেশকে পেছনে ফেলে দেয়। প্রতিহিংসা নয়, সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য শপথ দরকার।
১৪ মে লোহাগাড়ার আঁধারমানিক উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন সংবর্ধিত অতিথি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস।
আঁধারমানিক উচ্চবিদ্যালয়ের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান।
বক্তারা বলেন, গুণীজনের কদর করলে সমাজ এগিয়ে যায়। এ ছাড়া গুণীজনের আদর্শ ও উঠে আসার গল্প শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়।
সভায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লাখ টাকা প্রদানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পদুয়া থেকে আঁধারমানিক যাওয়ার সড়কটি সংস্কারের উদ্যোগ ও বিদ্যালয়ের কাছে হরিশংকর জলদাসের নামে একটি গণপাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোবারক, মুহি মুহাম্মদ, মাসুদ চৌধুরী, সুনীতা জলদাস, মো. ইলিয়াছ প্রমুখ।