এক বছরের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে রাজি হননি সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। গতকাল বুধবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোর সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হবে আগামী ২২ জুলাই। গত বছরের ১৭ জুন নির্বাচন হলেও মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব পান এক মাস পর। এ কারণে সার্বিক কার্যক্রম নিয়ে এ মুহূর্তে কোনো কথা বলব না।’ তবে কথোপকথনের মধ্য দিয়ে তাঁর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার চেষ্টা করা হয়।মন্জুর দাবি করেন, সিটি করপোরেশনের আগের যেকোনো সময়ের তুলনায় গত এক বছরে সবচেয়ে বেশি উন্নয়নকাজ হয়েছে। পরিবর্তনের যে প্রত্যাশায় জনগণ ভোট দিয়ে আগের মেয়রকে ‘না’ বলেছিল সেটা এক বছরে কতটুকু পূরণ হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্জুর বলেন, ‘প্রত্যাশার বিষয়টি আপেক্ষিক। তবে আমি মনে করি, গত এক বছরে জনগণের প্রত্যাশার চেয়ে বেশি কাজ হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণ একটি বড় আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। তার প্রতিফলন এক বছরে কতটুকু হয়েছে, তা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য প্রতিটি ওয়ার্ড পর্যায়ের কাজও আমরা তুলে ধরব। এ জন্য আমরা কিছু ডকুমেন্টারি তৈরি করেছি।’ মন্জুর আলম বলেন, ‘এক বছর আগে হাতে নেওয়া অনেক প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা নিত্যনতুন প্রকল্প নিয়ে জনগণের সেবার মান বাড়াতে কাজ করে চলেছি।’সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময় শিক্ষার প্রসার হলেও এক বছরে সেভাবে হয়নি বলে অভিযোগ রয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার কার্যক্রম আগের চেয়ে জোরদার করা হয়েছে। সর্বশেষ এসএসসি পরীক্ষায় সিটি করপোরেশনের স্কুলগুলো অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ফলাফল করেছে। যেসব স্কুল-কলেজে শিক্ষকস্বল্পতা ছিল, তা দূর করা হয়েছে। ইতিমধ্যে আমরা একটি নতুন কলেজ স্থাপন করেছি। এ মাসে আরও দুটি নতুন কলেজের কার্যক্রম নগরে শুরু হচ্ছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশমতো আমরা নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছি। আজ (বুধবার) এ বোর্ডের প্রথম সভাও হয়েছে।নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছি।’ আপনি বিএনপির ব্যানারে নির্বাচিত হওয়ার পর রাজনীতির সঙ্গে কতটুকু সম্পৃক্ত আছেন—জানতে চাইলে মন্জুর আলম বলেন, ‘রাজনীতিতে আমি সম্পৃক্ত আছি। সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানকার কাজ নিয়েই বেশির ভাগ সময় চলে যায়। ফলে রাজনীতিতে পুরোদমে সক্রিয় হতে পারছি না।’ বিএনপি ছাড়াও আওয়ামী লীগের একটি বড় অংশের সঙ্গে আপনার যোগাযোগ আছে। এতে দলের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে কি না—জানতে চাইলে মেয়র বলেন, ‘আমি চট্টগ্রামের মেয়র। এখানে সব দল, মত ও পথের মানুষ আছে। নিজ দল ছাড়াও অন্য দলের সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিকতা আছে।’ আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে মন্জুর আলম বলেন, ‘কানাডার একটি প্রতিষ্ঠান শহরের বর্জ্য ব্যবহার করে ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এ প্রস্তাব সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া ইশতেহারের বাইরে গিয়েও কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আন্দরকিল্লায় একটি নান্দনিক নগরভবন প্রতিষ্ঠা, টাইগারপাস মোড়ের কাছে সিটি করপোরেশনের পাহাড়ে হ্যালিপ্যাডসহ একটি আধুনিক অতিথিশালা নির্মাণ করা হবে।