সাতকানিয়ায় জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা
'প্রত্যেক অভিভাবককে সন্তানের ব্যাপারে সচেতন হতে হবে'
সাতকানিয়ায় জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা করেছে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। ২১ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, অভিভাবকসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি মহল দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদে ব্যবহার করা হচ্ছে তরুণদের। এ জন্য প্রত্যেক অভিভাবককে তাঁর সন্তানের ব্যাপারে সচেতন হতে হবে। যথাযথ সময় দিয়ে ভালো–মন্দ সম্পর্কে আলোচনা করতে হবে সন্তানের সঙ্গে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম, সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল হক, উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, নলুয়া ইউপির চেয়ারম্যান তসলিমা আকতার, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, ছমদরপাড়া ছুরাবো জামে মসজিদের ইমাম মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে বিতর্কিত করার জন্য ইসলামের নামে একটি গোষ্ঠী জঙ্গি তৎপরতা চালাচ্ছে। যাদের মধ্যে ইসলামের বিধিনিষেধের পূর্ণ জ্ঞান আছে, তারা কখনোই জঙ্গিবাদে জড়াতে পারে না। তাই সবাই মিলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।