'প্রথম আলো ছাড়া এক দিনও চলে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবে পাঠকের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদেরকে প্রশ্ন করছেন পাঠক মাইসুম মালিহা
উৎসবে পাঠকের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদেরকে প্রশ্ন করছেন পাঠক মাইসুম মালিহা

‘উন্নয়নের এই যুগে তথ্যপ্রযুক্তি ছাড়া যেমন একমুহূর্তও চলে না, তেমনি আমার এবং আমাদের প্রথম আলো ছাড়া এক দিনও চলে না।’ গতকাল শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ‘সতেরোয় স্বাগতম’ শীর্ষক বর্ণিল উৎসবে শামিল হন হাজার হাজার পাঠক। কথাটি তাঁদেরই একজনের।
উৎসবে অংশ নিয়ে এ রকম মন্তব্য ও কিছু অভিযোগের পাশাপাশি প্রথম আলোকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শও দিয়েছেন পাঠকেরা। সবকিছু ছাপিয়ে তাঁদের সব মন্তব্য ও কথায় প্রথম আলোর প্রতি ভালোবাসা ও আস্থাই প্রকাশ পেয়েছে।
প্রকাশের শুরু থেকেই প্রথম আলো পড়ছেন ফরিদপুর শহরের ব্যবসায়ী এস এম মনোয়ার মাহমুদ। কেবল এই উৎসবে যোগ দিতেই তিনি ঢাকায় এসেছেন। গতকাল উৎসব প্রাঙ্গণে তিনি বলেন, ‘প্রথম আলো আমার পরিবারের সদস্য হয়ে গেছে। আর যে পত্রিকা আমার পরিবারের সদস্য, তার পাঠক মেলায় থাকব না, তা কেমন করে হয়।’
উৎসবে প্রথমার স্টলের সামনে কথা হলো শ্যামলীর দুই কওমি মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে। প্রাতিষ্ঠানিকভাবে তাঁদের পত্রিকা পড়তে নিরুৎসাহিত করা হলেও প্রথম আলোকে ভালোবেসে তাঁরা এখানে এসেছেন। বললেন, অনেকটা লুকিয়ে লুকিয়ে পত্রিকাটি তাঁদের পড়তে হয়।
মগবাজারের বাসিন্দা কাজী মোক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত বছর প্রথম আলোর পাঠক মেলায় একা এসেছিলেন। এবার এসেছেন সপরিবারে। তিনি বলেন, ‘গত বছরে একা এসে বুঝলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে এলে ভালো হতো। তাই এবার সপরিবারে আসা।’

অনুষ্ঠানে সবমিশালি মঞ্চে তখন চলছে তারকাদের উপস্থাপনা। তা বেশ ভালোই উপভোগ করেন পাঠকেরা
অনুষ্ঠানে সবমিশালি মঞ্চে তখন চলছে তারকাদের উপস্থাপনা। তা বেশ ভালোই উপভোগ করেন পাঠকেরা

খানিক পরে রস+আলোর স্টলের সামনে দেখা হলো প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের সঙ্গে। তিনি বলেন, ‘এ ধরনের পাঠক উৎসবের উপযোগিতা যথেষ্ট। এখানে পত্রিকার সাংবাদিক, লেখক এবং পাঠকের মধ্যে ব্যক্তিগত জানাজানির সুযোগ তৈরি হয়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই গঠনমূলক ও সৃষ্টিশীল কাজ করছেন। তাঁদের মধ্যে একটি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আসে। এ ক্ষেত্রে প্রথম আলো পথিকৃতের ভূমিকা পালন করছে। প্রথম আলো আসলে পত্রিকার চেয়ে কিছু বেশি।’