‘প্রধানমন্ত্রী সেদিন হব যেদিন বাংলা স্বাধীন হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শুরু থেকে দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে রাজধানী ঢাকার বাইরে সফরে বের হন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। প্রথমেই আসেন চট্টগ্রাম। পরের বছরও তিনি চট্টগ্রামে আসেন আওয়ামী মুসলিম লীগের সাংগঠনিক কাজে। সেই থেকে বাংলাদেশের স্বাধীনতার আগে-পরে (জেলখানায় বন্দী জীবনের সময় ছাড়া) অনেকবার চট্টগ্রাম আসেন তিনি। আর রাজনীতির সূত্র ধরে এখানকার তৎকালীন অনেক নেতা-কর্মীর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তাঁর। জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতি নেতা-কর্মীদের আস্থা ও ভক্তি অটুট ছিল। বঙ্গবন্ধুর সঙ্গে চট্টগ্রামের প্রথম দিককার ঘনিষ্ঠ নেতা-কর্মীদের বেশির ভাগ এখন আর বেঁচে নেই। যে কয়জন আছেন এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন এমন কয়েকজনের মধ্যে তখনকার তরুণ ছাত্রনেতা এখনকার প্রবীণ আইনজীবী এ কে এম এমদাদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও এক সময়ের বঙ্গবন্ধুর জনসভার গণসংগীতশিল্পী ওবায়দুল হক, ’৪৮ সালে রাউজান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি এ এম এম জাকারিয়া, পঞ্চাশের দশকের গোড়ার দিক থেকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিয়া আবু মোহাম্মদ ফারুকী ও ষাটের দশকের গোড়ার দিকের ছাত্রনেতা পরবর্তী সময়ে অধ্যাপক শায়েস্তা খান অন্যতম। তাঁরা জানান, প্রথম দিক থেকে বঙ্গবন্ধুর সঙ্গে যাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ও রাজনীতির যাত্রা শুরু, তাঁদের মধ্যে এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ খালেদ, অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, ভূপতিভূষণ চৌধুরী (মানিক চৌধুরী) ইতিমধ্যে মারা গেছেন। পরবর্তী সময়ে এম এ আজিজ-জহুর আহমদ চৌধুরীর সাহচর্য এবং রাজনীতির যাত্রাপথে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় ও সম্পর্ক হয় তাঁরা হলেন—আমির হোসেন দোভাষ, এম এ ওয়াহাব, বশিরুজ্জামান চৌধুরী, ফজলুল হক বিএসসি, ডা. ছৈয়দুর রহমান। বঙ্গবন্ধু চট্টগ্রাম এলে বেশির ভাগ সময় থাকতেন বিভিন্ন আবাসিক হোটেলে। এসব হোটেলের মধ্যে রয়েছে রিয়াজ উদ্দিন বাজার আমতল মোড়ের হোটেল মিসকা (বর্তমানে হোটেল সফিনা), সদরঘাট এলাকার হোটেল শাহজাহান, স্টেশন রোডের ওয়্যারলেস হোটেল ও লালদীঘির পাড়ের হোটেল আমানিয়া। তবে হোটেল শাহজাহান একটু খোলামেলা থাকার কারণে কর্মিসভা ও সংবাদ সম্মেলন করার সুবিধা ছিল। তাই বঙ্গবন্ধু বেশির ভাগ সময় সেটিতেই থাকতে চাইতেন বেশি। ওয়্যারলেস হোটেলে বেশির ভাগ সময় উঠতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ ছাড়া ষাটের দশকের বিভিন্ন সময় এম এ আজিজ, আবদুল্লাহ আল হারুণের বাসায়ও গেছেন বঙ্গবন্ধু। ১৯৫০ সালের ডিসেম্বরে আওয়ামী মুসলিম লীগের সাংগঠনিক কাজে চট্টগ্রাম এসেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সঙ্গে ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আতাউর রহমান খান, আবদুল জব্বার খান ও শেখ মুজিব। লালদীঘির ময়দানে বক্তৃতা করার আগে ওয়্যারলেস হোটেলে (বর্তমান হোটেল গোল্ডেন ইনের কাছে রেলওয়ে স্টেশনের বিপরীতে) নেতাদের দেখতে গিয়েছিলেন এ কে এম এমদাদুল ইসলাম। সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলাপ করার জন্য ওয়্যারলেস হোটেলে এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী ও শেখ মোজাফফর আহমদও গিয়েছিলেন। দেখলাম, সোহরাওয়ার্দীর কক্ষের দু-এক কক্ষ পরের কক্ষে বঙ্গবন্ধু ভরাট গলায় নানা কথা ও হাসি-তামাশায় মাতিয়ে রেখেছেন উপস্থিত সবাইকে। পেছন দিকে ব্রাশ করা চুল, চোখে চশমা, হাত গুটানো শার্ট ও পায়ে কাবুলি স্যান্ডেল পরা ছয় ফুট দীর্ঘদেহী যুবনেতা শেখ মুজিবকে সেদিনই প্রথম দেখি। এরপর লালদীঘির জনসভায় বক্তৃতা দিতে উঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করেন তিনি। ’৫৬ সালের মাঝামাঝি সময়ে একবার চট্টগ্রাম এসেছিলেন শেখ মুজিব। এম এ আজিজের বাসায় আছেন জেনে দেখা করতে যাই আমি। কথার ফাঁকে তাঁকে জিজ্ঞেস করেছিলাম, পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে কি আপনার নেই? দরাজ গলায় তাঁর জবাব ছিল, “প্রধানমন্ত্রী সেদিন হব, যেদিন বাংলা স্বাধীন হবে।’’ তাঁর মধ্যে তখনই দেখেছিলাম মাটি ও মানুষের প্রতি অগাধ ভালেবািসা।’এ এম এম জাকারিয়া বলেন, ’৪৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠা হলে সংগঠনের রাউজান থানা শাখার সেক্রেটারি হই। ওই বছরই বঙ্গবন্ধু চট্টগ্রাম এলে এম এ আজিজ আমাকে খবর দেন। তাঁর বাসায়ই তিনি আমাকে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু সার্বিক পরিস্থিতি বর্ণনা করে সংগঠন গোছানোর জন্য দিকনির্দেশনা দেন। সেই সময় মনে হয়েছিল, এই তরুণ নেতা একদিন বড় মাপের নেতা হবেন।’