'প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে'
প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। দ্রুতগতিতে গাড়ি চালানোর পাশাপাশি চালকেরা গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলার কারণেও দুর্ঘটনা ঘটছে। এ জন্য চালকদের সচেতন হতে হবে। পাশাপাশি যাত্রীদেরও সচেতন করা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
মহাসড়কে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক সভায় বক্তারা এ কথা বলেন। ২৪ অক্টোবর সকালে সাতকানিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমদ। বক্তব্য দেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন, সাতকানিয়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সহসভাপতি আহমদ কবির, যাত্রীবাহী পিকআপ (লেগুনা) মালিক সমিতি লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারওয়ার আলম প্রমুখ।