'প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে'
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, পেশাদার দক্ষ শিক্ষকেরাই পারেন একটি শিক্ষিত তথা উন্নত জাতি উপহার দিতে। এ ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।
গত শনিবার চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম ও চন্দনাইশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী।
সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী, এম এ গফুর, আশরাফুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সবুজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মো. হাছনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, চন্দনাইশের পৌর মেয়র মাহবুবুল আলাম, চিকিৎসক শাহাদত হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু কাওসার প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১৯৭ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিজ্ঞপ্তি।