‘প্রস্তুতির সময় মাথায় ছিল বিশ্বকাপের কথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের মৌসুমেই চলছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার বিভিন্ন দিক নিয়ে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন নিজাম সিদ্দিকী প্রথম আলো: এবারের মেলার উল্লেখযোগ্য দিক সম্পর্কে বলুন।মোরশেদ মুরাদ: মেলার প্রস্তুতি আমরা যখন নিচ্ছিলাম তখন আমাদের মাথায় ছিল এবার চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। সে জন্য এখানে বিদেশিদের আগমন ঘটবে অন্য সময়ের তুলনায় বেশি। সেই চিন্তা মাথায় রেখে আমরা মেলার সার্বিক প্রস্তুতি নিয়েছি। মেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল ফটকেও আমরা দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর ছাপ রাখার চেষ্টা করেছি। এ ছাড়া মেলা প্রাঙ্গণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণের ব্যবস্থা করেছি। কানাডা, ইতালি, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড প্রভৃতি দেশের রাষ্ট্রদূতেরা এবারের মেলা পরিদর্শনে আসেন। প্রথম আলো: সার্কভুক্ত দেশের অংশগ্রহণ কম ছিল কেন?মোরশেদ মুরাদ: আগামী দিনে এসব দেশের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জেনে খুশি হবেন, আমি সম্প্রতি আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) বাংলাদেশ চ্যাপ্টারের কার্যকরী কমিটির সদস্য মনোনীত হয়েছি। ফলে এ ক্ষেত্রে আমি নিজেও আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারব বলে আশা করছি। প্রথম আলো: মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সপ্তাহ দুয়েক পরেও মেলা জমে ওঠেনি।মোরশেদ মুরাদ: এ ক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বিশ্বকাপ ক্রিকেট খেলার কারণে লোকসমাগম কম হয়েছে বলে মনে হয়।প্রথম আলো: তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আলাদা কোনো প্যাভেলিয়ন চোখে পড়েনি।মোরশেদ মুরাদ: বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে মেলা করে আসছে বলে এবার আমরা এ নিয়ে বিশেষ গুরুত্ব দিইনি। প্রথম আলো: সামগ্রিকভাবে মেলার সাফল্য-ব্যর্থতা সম্পর্কে জানতে চাচ্ছি। মোরশেদ মুরাদ: সামগ্রিকভাবেই আমরা সফল হয়েছি বলব। কারণ একটি বাণিজ্যিক সংগঠন চট্টগ্রামে ১৯তম বাণিজ্য মেলার আয়োজন করে চলেছে নিরবচ্ছিন্নভাবে—এর চেয়ে বড় সাফল্য আর কী হতে পারে!প্রথম আলো: আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? মোরশেদ মুরাদ: বাণিজ্য মেলার জন্য আলাদা একটি ভেন্যু গড়ে তোলার কথা ভাবছি আমরা। কারণ বর্তমান ভেন্যুতে সবার স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না।