‘প্রাণের সঞ্চারে মুক্তিযুদ্ধের প্রণোদনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণের স্পন্দনে মুখর শিশু একাডেমীর মুক্তমঞ্চ। দেশের শ্রেষ্ঠ সন্তান দুই মুক্তিযোদ্ধার মুখে যুদ্ধজয়ের গল্প শোনার প্রতীক্ষা সবার। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠান শুরু হলো জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর মুক্তিযুদ্ধের গল্প, আবৃত্তি, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, নাচ, গান আর কথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।২৮ মার্চ নগরের শিশু একাডেমী মুক্তমঞ্চে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘প্রাণের সঞ্চারে মুক্তিযুদ্ধের প্রণোদনা’ শিরোনামের এ অনুষ্ঠানের। দুই পর্বের এই আয়োজনের প্রথম পর্বে যুদ্ধযাত্রা ও সম্মুখ যুদ্ধের গল্প শোনান দুই মুক্তিযোদ্ধা সিরু বাঙালি ও জাফর আলী। সিরু বাঙালি পটিয়া অঞ্চলের এফ এফ গ্রুপ-১৫১ এর যুদ্ধকালীন কমান্ডার। তিনি শোনান পাঞ্জাবিদের বর্বরতার কিছু স্মৃতি আর ফটিকছড়ির একটি সম্মুখ যুদ্ধের ঘটনার কথা।জাফর আলী হিরু ছিলেন গ্রুপ নম্বর ১৫৪-এর ডেপুটি কমান্ডার। যুদ্ধ করেছেন ১১ নম্বর সেক্টরেও। শোনান প্রশিক্ষণকালীন কষ্ট আর একাত্তরের ডিসেম্বরের প্রথম দিকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকায় সম্মুখ যুদ্ধের ঘটনায় দুই বন্ধুকে হারানোর কাহিনি। এরপর তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম বন্ধুসভার দুই প্রাক্তন সভাপতি ওয়াহেদ মুরাদ ও অধ্যক্ষ আনোয়ারা আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক ও চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস। দ্বিতীয় পর্বে ছিল চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান। শুভেচ্ছা জানানো হয় বিদায়ী কমিটিকে। এ পর্বে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম বন্ধুসভার সাবেক ছয় সভাপতি ওয়াহেদ মুরাদ, ফাতেমা ইসলাম, আনোয়ারা আলম, বিপ্রতীপ অপু, আলাউদ্দিন খোকন ও শেখ জিয়াউল হককে। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আজকের অনুষ্ঠান ভিন্ন মাত্রা পেয়েছে দুইজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে। বন্ধুরা জানতে পেরেছে অনেক কিছু। সেই সঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার কান্ডারিদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে সমৃদ্ধ।’এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’ গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন সায়মা আকতার ও উৎপল মল্লিক। ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুস্মিতা বড়ুয়া। মোহাম্মদ রুবেলের নির্দেশনায় পরিবেশিত হয় মাদকের অপর নাম মৃত্যু শিরোনামের নাটিকা। এ ছাড়া অনুষ্ঠানে গান করেন তাহমিনা আকতার ও মোহাম্মদ আশরাফুল। দ্বৈত কণ্ঠে কবিতা আবৃত্তি করেন হুমায়রা ইকরা, নাসরিন আকতার, সেঁজুতি গুপ্তা, ফাহিম উদ্দিন শাওন ও শারমিন আব্বাসী। এ ছাড়া ছিল গান ও কবিতার মিশ্রণে তৈরি ‘ইতিহাসে বাংলাদেশ’ শিরোনামে বন্ধুসভার বন্ধুদের দলীয় পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিনহাজ হোসেন ও জয়শ্রী দাশ।