'প্রার্থীর দেখা নেই, ভোট ছাড়া এ কেমন নির্বাচন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচন হলে প্রার্থীরা এলাকায় আসতেন। আমাদের বুকে টেনে নিতেন। খাওয়া-দাওয়া, আনন্দ-উৎসব কত কিছু হতো। এখন প্রার্থীর দেখা নেই, ভোট ছাড়া এ কেমন নির্বাচন ?’

আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে হতাশার সুরে এমন প্রতিক্রিয়া তুলে প্রকাশ করলেন কক্সবাজার সদরের মাজেরঘাট এলাকার ভোটার মোহাম্মদ ছাদেক (৫৫)। কৃষিজীবী ছাদেকের নির্বাচন নিয়ে বরাবর আগ্রহ থাকলেও আগের তুলনায় প্রার্থীদের পদচারণা ও খাওয়া-দাওয়ার দিক থেকে জৌলুশহীন হওয়ায় এবারের নির্বাচনটাই অর্থহীন তাঁর কাছে।

কক্সবাজারের চারটি আসনের মধ্যে এবার নির্বাচন হচ্ছে শুধু কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে। সেখানে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবদুর রহমান ওরফে বদির সঙ্গে লড়াই করছেন জাতীয় পার্টির তাহা ইয়াহিয়া। অপর তিনটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কক্সবাজার-১ ( চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনে আ. লীগের আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৩ ( সদর-রামু) আসনে আ. লীগের সাইমুম সরওয়ার ওরফে কমল। অতীত অভিজ্ঞতার আলোকে ভোটারদের প্রত্যাশা ছিল, এবারের নির্বাচনেও প্রার্থীরা এলাকায় এলাকায় আসবেন। তাঁরা উন্নয়ন ছাড়াও সাধারণ ভোটারদের খুশি করতে নানাভাবে প্রচুর টাকা খরচ করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তিন প্রার্থীর কয়েক কোটি টাকা বেচে গেছে। এতে এসব আসনের সাধারণ ভোটারেরা হতাশ হয়েছেন।

কক্সবাজার-১: এ আসনের একক প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছ। আ. লীগের প্রার্থী ছিলেন জাফর আলম। চিরিঙ্গা এলাকার ভোটার ফজলুল কাদের বলেন, জাফর আলম নির্বাচন করলে এত দিনে তিনি একাই ১৫-২০ লাখ টাকা খরচ করতেন। এখন ইলিয়াছও ঢাকায় গিয়ে বসে আছেন। ফলে প্রচারণা ও খাওয়া-দাওয়ার যে উৎসবের অপেক্ষায় ভোটারেরা ছিলেন তা আর হলো না। এদিকে খরচের টাকা বেচে যাওয়ায় জাতীয় পার্টির নেতারা খুশি। নির্বাচনী খরচের জন্য ইলিয়াছ মোট ছয় লাখ টাকা বরাদ্দ রেখেছেন।

কক্সবাজার-২: এ আসনের আ. লীগের প্রার্থী আশেক উল্লাহ নির্বাচনের জন্য বরাদ্দ রেখেছিলেন ১৪ লাখ ৩০ হাজার টাকা। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তাঁর সেই টাকা বেচে গেল। আশেক উল্লাহর দাবি, তিনি ভোটারদের খোঁজখবর রাখছেন। চা নাশতার চেয়েও ভালো কিছু ভোটারেরা পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

কক্সবাজার-৩: এ আসনে সাইমুম সরওয়ার একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন করার জন্য তাঁর বরাদ্দ ছিল ২৫ লাখ টাকা। তাঁর কাছেও ভোটারদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সে আশা পূরণ না হওয়ায় হতাশ তাঁরা। জানতে চাইলে সাইমুম সরওয়ার হেসে বললেন, ‘একক প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিয়মিত এলাকায় যাচ্ছি। অনেকে সশরীরে হাজির হচ্ছেন, কাউকে কিন্তু বিমুখ করছি না।’