'প্রেমের তালায়' প্যারিসের না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রেম মানে না কোনো বাধা! এ কথা যে প্যারিস কর্তৃপক্ষ জানে না, তা নয়। তবু তারা প্রেমিকযুগলদের একটা কাজে বাধা দিতে চায়। অটুট ভালোবাসার চিহ্ন হিসেবে স্থানীয় একটি সেতুর ওপর ‘প্রেমের তালা’ লাগান প্রেমিক-প্রেমিকারা। এতেই যত আপত্তি নগর কর্তৃপক্ষের। এ বিষয়ে তারা আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে।
ফ্রান্সের রাজধানী শহরটি পর্যটকদের খুব পছন্দের। সেখানে বেড়াতে গিয়ে ওই বিশেষ সেতুর রেলিংয়ে একটা ছোট তালা ঝুলিয়ে আসতে পছন্দ করেন প্রেমিকযুগলেরা। সেইন নদীর ওপরে পঁ নফ নামের সেতুটি ভালোবাসার প্রতীক হিসেবে একধরনের পরিচিতিও পেয়েছে। কিন্তু সমস্যা হলো, তালার ভারে সেতুটির একটা অংশ ধসে পড়েছে। কর্তৃপক্ষ গত বছর কয়েক লাখ তালা খুলে নিয়ে যায়। আর কেউ যাতে নতুন তালা মারতে না পারে, সে জন্য স্বচ্ছ প্লাস্টিকের বেড়াও দেওয়া হয়েছে। তবে এতে পর্যটকদের আকর্ষণ মোটেও কমেনি প্যারিসের প্রাচীনতম সেতুটির প্রতি; বরং ৪০০ বছরের বেশি পুরোনো এই ‘ভালোবাসার সেতুতে’ তালা লাগানোর দিকে ঝোঁক আরও বেড়েছে যুগলদের।
প্যারিসের ডেপুটি মেয়র ব্রুনো জুইয়ার্দ বলেন, সেতুর দুই প্রান্তে সাইনবোর্ড লাগাবেন তাঁরা। এতে ফরাসি ও ইংরেজিতে লেখা থাকবে, ‘তালা দেওয়া নিষেধ। প্যারিসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। অন্য কোনো উপায়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করুন।’
ব্রুনো আরও বলেন, ‘আমরা চাই, প্রেম ও রোমান্সের শহর হিসেবে পরিচিত প্যারিস টিকে থাকুক। সারা বিশ্বের প্রেমিক-প্রেমিকারা এখানে বেড়াতে আসবেন। এটা খুবই রোমান্টিক নগর।’