
আকাশে পূর্ণিমার চাঁদ, কুলকুল শব্দে বয়ে চলেছে কর্ণফুলী নদী। ঢেউ আছড়ে পড়ছে বাঁধানো তীরে। এই পরিবেশে কখনো আঞ্চলিক গান, কখনো কবিতা আবার কখনো কবিগানের সুরে ভেসে যাচ্ছিলেন দর্শক-শ্রোতা আর নদীর তাজা হাওয়া খেতে আসা মানুষজন। ১৩ মার্চ সন্ধ্যায় ফিরিঙ্গিবাজার-অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলীর তীরে খোলা আকাশের নিচে ব্যতিক্রমধর্মী এই আসরের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আঁরার চাটগাঁ।
‘ফউন মাইস্যা পূর্ণিমায়-কর্ণফুলীর কিনারায়-গান, আড্ডা, কবিতায়’ শিরোনামে এই আসর শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। চট্টগ্রামের আঞ্চলিক গান-কবিতা এর আগে বহু আসরে শোনা গেছে। কিন্তু এই আসরের একটি বিশেষত্ব হলো, এখানে উপস্থাপনাও ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তাই দর্শক-শ্রোতাদের কাছে প্রতিটি ক্ষণই ছিল উপভোগ্য। মৌসুমী পালের সঞ্চালনায় আলোচনা সভাও তাই জমে ওঠে। সংগঠনের সভাপতি শিল্পী শাহরিয়ার খালেদের সভাপতিত্বে কথামালায় বক্তব্য দেন গোলাম কিবরিয়া, আবদুল হালিম দোভাষ, দিলীপ রায়, সাইফুল্লাহ মুহাম্মদ সালাহউদ্দিন, সুরজিত বড়ুয়া, শওকত নেওয়াজ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনেরা।
কথামালায় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও গান বর্তমানে আকাশ সংস্কৃতির অশুভ প্রভাবে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই আঞ্চলিক ভাষায়, গান, কবিতাচর্চার মধ্য দিয়ে চট্টগ্রামবাসীকে সচেতন করে তোলার জন্য এই আয়োজন। বক্তারা আঞ্চলিক সংস্কৃতির পাশাপাশি দেশের ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান।
কথামালার পর চট্টগ্রামের ভাষায় রচিত ‘ইভটিজিং’, ‘বুড়োবুড়ি ন মানের’, ‘হুদাহুদি’সহ বেশ কয়েকটি কবিতা ও ছড়া পাঠ করে শোনান তালুকদার হালিম। তাঁর কবিতাপাঠ উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। এরপরই ‘বাংলা সংস্কৃতির একাল-সেকাল’ নিয়ে কবিগান পরিবেশন করেন কবিয়াল মো. ইউছুফ ও তাঁর দল। হাস্যরসে ভরপুর এই লড়াইয়ে তাঁরা তুলে ধরেন সংস্কৃতিসহ সমাজের নানান অসংগতির কথা। কবিগানের পর শিল্পী মো. নুরুন্নবী ইমরান চট্টগ্রামের আঞ্চলিক গান ‘তোঁয়ারে লই যাইয়ুম আঁই কক্সবাজারত’ পরিবেশন করে দর্শকদের মন ভিজিয়ে দিলেন। এরপর শিল্পী ইকবাল হায়দার পরিবেশন করেন ‘কী জ্বালা দি গেলা মোরে’, ‘তোরা হন হন যাইবি আঁর সাম্পানে’সহ বেশ কয়েকটি গান। পরে পারুল চৌধুরী পরিবেশন করেন চাকমা ভাষার গান ‘উত্তন পেগে মেঘে মেঘে’। যা আসরে যোগ করেছিল বাড়তি মাত্রা। সর্বশেষ শিল্পী শাহরিয়ার খালেদ গাইলেন ‘মনে হর আবার গুরা অইবারলাই’। গানটি মুগ্ধতার আবেশ ছড়ায় উপস্থিত দর্শকদের মাঝে।