'ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ২৩ মে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’। ২০০৩ সালের ৫ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাধাগ্রস্ত প্রসবজনিত ফিস্টুলা অবসানে আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। ওই বছরই জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও এর সহযোগীরা এশিয়া, আফ্রিকা, আরব অঞ্চল ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও ফিস্টুলা রোগীর সংখ্যা কমানোর লক্ষ্যে নিয়ে প্রচার প্রচারণা শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রচার-প্রচারণা বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, স্বাস্থ্য কর্মকর্তা, আক্রান্ত নারী ও সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।
২০০৩ সালে প্রচার-প্রচারণা শুরু করার ১০ বছর পর ২০১৩ প্রথমবারের মতো সারা বিশ্বে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত হয়। এ বছর তৃতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। বিশ্বব্যাপী ইউএনএফপিএর কর্মসূচি ‘ক্যাম্পেইন টু অ্যান্ড ফিস্টুলা’-এর আওতায় এ দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের সব মানুষকে এই দিনে প্রসবজনিত ফিস্টুলাসংক্রান্ত সচেতনতা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
প্রসবজনিত ফিস্টুলা এমন একটি সমস্যা, যা শুধু একজন নারীকে সার্বক্ষণিক শারীরিক ও মানসিক কষ্টের মধ্যেই ফেলে না, নিজেকে নিয়ে তাঁর দ্বিধা তৈরি হয় এবং সামাজিক বাস্তবতায় তিনি হয়ে পড়েন বিচ্ছিন্ন ও একা। উন্নয়নশীল দেশগুলোয় এখনো মেয়েদের জন্য সঠিক সময়ে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত হয়নি। আর এই অবস্থার যে নেতিবাচক প্রভাব রয়েছে, প্রসবজনিত ফিস্টুলা তারই একটি জ্বলন্ত উদাহরণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানমতে, উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ২০ লাখ নারী প্রসবজনিত ফিস্টুলায় ভুগছেন এবং প্রতিবছর ৫০ হাজার থেকে এক লাখ নতুন রোগী এই সংখ্যার সঙ্গে যোগ হচ্ছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি এক হাজার বিবাহিত নারীর মধ্যে ১ দশমিক ৬৯ জন প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত হন।
বিশ্বের অন্যান্য দেশের মতো ফিস্টুলা নির্মূল দিবস পালনে বাংলাদেশেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ বছর ইউএনএফপিএর কারিগরি ও আর্থিক সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তর জেলা সিভিল সার্জনদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবাদানকারীর, সুশীল সমাজ, কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট ও সাধারণ জনগণের অংশগ্রহণে দেশের প্রতিটি জেলায় দিবসটি পালন করবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দিবসটির গুরুত্ব তুলে ধরে সংবাদ প্রচার করবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফিস্টুলা কেন্দ্রসহ দেশের আরও নয়টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দিবসটি পালন করা হবে। একইভাবে ইউএনএফপিএর অর্থায়নে পরিচালিত ফিস্টুলা রোগীদের পুনর্বাসনকেন্দ্রে কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফিস্টুলা নির্মূল দিবস পালন করা হবে।
সংশ্লিষ্ট সবার মিলিত উদ্যোগের ফলে দিবসটি শুধুই দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ন্যাশনাল ফিস্টুলা স্ট্র্যাটেজির আলোকে প্রণীত অ্যাকশন প্ল্যান-এর বাস্তবায়নের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারলেই এটি পালনের যথার্থতা প্রমাণিত হবে।
তথ্যসূত্র: ইউএনএফপিএ