‘ফুলের গন্ধে ভরিয়ে দিতে চাই দেশটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেউ আমাদের চোখ মারলে আমরা তাঁকে ইট মারব। আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রীদল।’ কথাটা কানে আসতেই হতচকিত হলো কয়েকজন ছাত্র। তবে ভুলেও সেই ছাত্রীদলের ছায়া মাড়ালেন না তাঁরা। কিন্তু ঘরেই ছিল ‘শত্রু’। ছাত্রীদলের পাশ থেকেই একজনের গলা শোনা গেল—‘কাজী নজরুল ইসলাম কিন্তু কবিতাটা আমাদের মানে ছাত্রদের নিয়েই লিখেছিলেন।’ প্রতিবাদ এলো বিপক্ষ শিবির থেকে—নজরুল ছাত্র-ছাত্রী সবার কথা বলেছেন। ‘আচ্ছা! চোখ মারার প্রতিদান কি ইট দিয়ে দিতে হয়?’ কথার তীর ছুটে এল ছেলের দল থেকে।‘ইট তো মারতেই হয়, দেয়ালে যে পিঠ ঠেকে গেছে!’ গলা সপ্তমে চড়িয়ে বললেন এক ছাত্রী। “আমরা তোমাদের চোখ মারি কারণ ‘চোখ যে মনের কথা বলে...।”যুদ্ধ যুদ্ধ ভাবটা কেটে গেল নিমিষে, খিলখিল হাসিতে এবার গলাগলি ভাব। এক পক্ষে সাবা তাসনিম, শারমিন আকতার, জন্নাতুল ইসলাম, শারমিন আকতার, নাবিলা আকতার, অনামিকা চক্রবর্তী, নাজিহা হোসাইন ও তানজিলা রহমান। অন্য পক্ষে সাজেদুল হক, রুহেল জাহান, ইমন মেহেদী, মহিবুল ইসলাম, রেজাউনুল ইসলাম, ওয়াহাব রিয়াদ, জিয়াউল কাদের, তমাল বড়ুয়া, জোবায়ের রহমান, এহসানুল রশীদ, ইমন (২)।সবাই সরকারি কমার্স কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। দুইপক্ষের মধুর বাদানুবাদ ইভ টিজিং নিয়ে। ছাত্রীদের রাগাতে উল্টাপাল্টা বকছিলেন ছাত্ররা। আর তাতে সত্যি রেগেছেন ছাত্রীরা। বিষয়টা যে স্রেফ মজা তা বুঝতে পেরে দুইপক্ষই হেসে খুন। তবে তাঁদের মত, একজন শিক্ষিত, ভদ্র ও সচেতন পুরুষ কখনো নারীদের উত্ত্যক্ত করতে পারেন না। কারণ মা-বোন আছে সবার বাড়িতে।আড্ডা হচ্ছিল বিখ্যাত ‘আড়াই তলা’র নিচে। মহিবুল ইসলাম নাকি মোটা তাই সবাই ডাকে কেইন। প্রায় সবারই অদ্ভুত একটা নাম আছে—সব সময় প্রেম প্রেম ভাব নিয়ে থাকেন বলে রোমান্টিক জোবায়ের। ইমনকে (২) তাঁর প্রেমিকা নাকি খরগোশ নামে ডাকে। সব মেয়ের সঙ্গে প্রেম করতে চায় বলে প্লেবয় তমাল, ছক্কা মারতে ওস্তাদ বলে ক্রিস গেইল এহসানুল রশীদ।মজা তো অনেক হলো এবার আমাদের কিছু সমস্যার কথা বলব—ঘোষণা শারমিনের। আমাদের শহীদ সৈয়দ রফিক মিলনায়তন সবার সেরা, কিন্তু সেটা ভেঙে গেছে, সংস্কারের প্রয়োজন। একটি বিতর্ক ক্লাব, ক্যানটিন ও ছেলেদের কমনরুম অনেক দিনের দাবি।ইভান: আমাদের চাপাকল চাপা যায় না। ‘অল্প বৃষ্টিতেই কমার্স কলেজ পানিতে ডুবে যায়। চারপাশে ময়লা আর মশার ছড়াছড়ি। ছাত্রীনিবাসের মেয়েদের খাবার পানি আনতে বাইরে যেতে হয় আর বহিরাগতরা তাঁদের বিরক্ত করে।’ বললেন শারমিন। সবাই তাঁকে নেত্রী বলেন। যদিও নেত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই তাঁর। বলেন—‘নতুন সরকার এলে আমি নির্ঘাত মার খাব, কেন যে আমাকে নেত্রী বলে সবাই!’ ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় কমার্স কলেজ। বর্তমানে কলেজে শিক্ষার্থী ছয় হাজার আর শিক্ষক আছেন ২৯ জন। আগে দূষিত ছাত্ররাজনীতির কারণে কলেজের দুর্নাম ছিল, এখন সেটা অনেক কমে গেছে। পড়াশোনায়ও চট্টগ্রামের অন্যতম সেরা কলেজ এটি। এবারের এইচএসসির ফলাফলে জিপিএ-৫ ও পাসের দিক দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পঞ্চম হয়েছে কলেজটি।অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘কলেজের পড়াশোনার মান এখন খুব ভালো, ফলাফল আরও ভালো। কিছু সমস্যাও যে নেই তা নয়। বিতর্ক ক্লাব নিয়ে দলাদলি হয়, তাই এটি করা যাচ্ছে না। ক্যানটিন হলে ছাত্ররা বাকিতে খাবে বলে করছি না।’ শিক্ষার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘জলাবদ্ধতা পুরো আগ্রাবাদের সমস্যা। কমার্স কলেজ ডুবে গেলেও আমার কিছু করার নেই। আর এত বড় ক্যাম্পাস! প্রতিদিন কে ময়লা পরিষ্কার করবেন?’আবার আড্ডা এবং একটুকু প্রেম। এর মধ্যে যোগ দিলেন আসিফ। তাঁর বন্ধুদের বক্তব্য—‘আসিফ প্রেমে ব্যর্থ হয়ে হাত কেটে ফেলেছেন অথচ পরদিনই আরেকজনকে প্রেম নিবেদন করেছেন।’ইমন মেহেদী চার বছর ধরে ইতিকে ভালোবাসেন কিন্তু এখনো বলতে পারেননি। তবে তিনি তখনই ঘোষণা দিলেন—‘আগামী তিন বছরের মধ্যে ইতিকে বিয়ে করব।’ তাঁরা জানালেন কলেজে পড়ালেখার পাশাপাশি আছে সহশিক্ষাও। গান করতে পছন্দ করেন মহিবুল। অল্প অল্প নাটক করেন সাজেদুল হক। আর রুহেল জাহান বন্ধুদের নিয়ে গড়তে চান একটি ব্যান্ডদল, যেখানে তিনি নিজে ড্রামস বাজাবেন। গানের কথা আসতেই শুরু হয়ে গেল গান—‘মনের বাগানে ফুটিল ফুলরে...।’ গান শেষে তাঁরা জানালেন, জীবনের বাগানেও ফুল ফোটাতে চান তাঁরা, ফুলের গন্ধে ভরিয়ে দিতে চান দেশটা!