সন্ধ্যাবেলার ধানমন্ডির রবীন্দ্রসরোবর যেন দর্শকদের আনাগোনায় সত্যি সরোবর হয়ে উঠেছে। দর্শক সারিতে উপচে পড়া ভিড়। গান গাইছেন অর্ণব। দর্শকদের গান গাওয়ার সুযোগ করে দিয়ে যেন নিজের গলাই খুঁজে পাচ্ছেন না তিনি। সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছেন কয়েকজন বিদেশি মুখ! কারা এঁরা? বিষয়টি খোলাসা হলো উৎসব স্মরণিকা পাওয়ার পর। ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে এক মঞ্চে বসেছেন বাংলাদেশ ও ব্রিটিশ শিল্পীরা। আর তাঁদেরই পরিবেশনায় বাংলাদেশের ‘ফোক’ আর ইংল্যান্ডের ‘জ্যাজ’ মিউজিক মিশে একাকার ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ। বাংলাদেশের শিল্পীরা গাইছেন আর যন্ত্রে সংগত দিচ্ছেন ব্রিটিশ মিউজিশিয়ানরা। আবার উল্টোচিত্র ব্রিটিশ শিল্পীদের ক্ষেত্রেও দেশীয় শিল্পীদের বাদন সঙ্গে গান গাইলেন ব্রিটিশ শিল্পীরা। লালন, হাসন রাজা ও শাহ আবদুল করিম থেকে শুরু করে চট্টগ্রাম অঞ্চলের বিয়ের গীত পর্যন্ত উঠে আসে বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে। তেমনি হাজার বছরের পুরোনো স্কটল্যান্ড অঞ্চলের গান ধরা দিল ব্রিটিশ শিল্পীদের কণ্ঠে।১৫ জানুয়ারি ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফোক ন্যাশন’ নামের এই কনসার্ট। সহযোগিতায় ছিল বেঙ্গল ফাউন্ডেশন, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।রবীন্দ্রসরোবরের মনোমুগ্ধকর এই উৎসবে সংগীত পরিবেশন করছেন বাংলাদেশের ১০ জন শিল্পী ও ইংল্যান্ডের চারজন। সংগীতশিল্পী লাবিক কামালের নেতৃত্বে এই দলে ছিলেন অর্ণব, নবনিতা চৌধুরী, রব ফকির, অর্ক সুমন, জালাল আহমেদ, তারেক বিন তাহের, সাদুল ইসলাম, শফিক মিয়া ও বার্ট ন্যানদিট আরেং। আর স্যাম লির নেতৃত্বে ব্রিটিশ দলে ছিলেন ফ্রানসেস্কা টার-বার্গ, ক্যামিলো টিরাডো ও জনা ব্রডি।