'ফ্রাঙ্কেনস্টাইন ডাইনোসর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত ‘ফ্রাঙ্কেনস্টাইন ডাইনোসর’-এর রহস্য উন্মোচনের দাবি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। দুই বছর আগে এই প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান মেলে। তারপর থেকেই এর দৈহিক গঠন নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন বিজ্ঞানীরা।

ফ্রাঙ্কেনস্টাইন নামটা শুনলে ব্রিটিশ লেখক মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন, অর দ্য মডার্ন প্রমিথিউস উপন্যাসের কথা মনে পড়ে যায়। তিনি গবেষণাগারে কৃত্রিম উপায়ে দানব তৈরি করেছিলেন। তখন থেকে ফ্রাঙ্কেনস্টাইন নামটি দানব অর্থে বহুল প্রচলিত।

দুই বছর আগে সন্ধান মেলে চিলেসরাস নামে একটি ডাইনোসরের জীবাশ্ম। এর পেছনের পা দুটো ছিল ব্রনটোসরাস প্রজাতির ডাইনোসরদের মতো। আরও পরিষ্কার করে বললে চতুষ্পদী প্রাণীর পেছনের পায়ের মতো। পশ্চাদ্দেশ ছিল স্টেগোসরাস প্রজাতির ডাইনোসরদের মতো। বাহু আর শরীর ছিল টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স প্রজাতির ডাইনোসরদের মতো। বিজ্ঞানীরা প্রথমে বুঝেই উঠতে পারছিলেন না এই ডাইনোসরকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করবেন। এ কারণেই এর নাম হয়ে যায় ‘ফ্রাঙ্কেনস্টাইন ডাইনোসর’। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, এরা আসলে অরনিথিস্কিয়ান প্রজাতির সদস্য।

যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি পাবলিশিং প্রকাশিত বিজ্ঞান সাময়িকী বায়োলজি লেটার্স এই ডাইনোসরের ওপর গবেষণায় প্রাপ্ত তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, স্টেগোসরাসের মতো তৃণভোজী এবং টি-রেক্সের মতো মাংসাশী ডাইনোসরের মধ্যে একটি প্রজাতি ছিল, যার সন্ধান এত দিন মেলেনি। এই ফ্রাঙ্কেনস্টাইন ডাইনোসর ওই প্রজাতিরই সদস্য।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী ম্যাথিউ ব্যারন ফ্রাঙ্কেনস্টাইন ডাইনোসর নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন। তিনি বলেন, এই প্রজাতির ডাইনোসর অরনিথিস্কিয়ান ডাইনোসর প্রজাতি প্রথম দিককার সদস্য। এই পরিবারে যেমন শিংওয়ালা ট্রাইসেরাটপস ছিল, একইভাবে ছিল পিঠে কাঁটাযুক্ত স্টেগোসরাস।

ম্যাথিউ ব্যারন বলেন, ১৩০ বছর আগেও অরনিথিস্কিয়ান প্রজাতি অজানা ছিল। কাজেই তাদের শরীরে কীভাবে পরিবর্তন ঘটল, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়নি। এমনকি এই প্রজাতির ডাইনোসরদের সন্ধান মেলার পরও তাদের শারীরিক গঠন ও তার পরিবর্তন সম্পর্কে জানার সুযোগ কম হয়েছে। কারণ, অন্য প্রজাতির ডাইনোসরদের তুলনায় এদের গঠন অনেকটাই ভিন্ন ছিল।

এ ব্যাপারে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক পল ব্যারেট বলেন, ডাইনোসর গবেষণায় এই অনুসন্ধান নতুন আলো ফেলবে। যুক্তরাজ্যের লাইসেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গ্যাবট সাম্প্রতিকতম এই গবেষণায় প্রাপ্ত তথ্যকে ‘অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন।