'ফ্ল্যাটে একটা বাংলাদেশি ভূত আসে!'

‘ধরুন, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ আর শ্রীলঙ্কা। খেলাটা হচ্ছে চট্টগ্রামে। তো, আপনারা কোন দলকে সমর্থন করবেন?’ প্রায় সবাই এক সঙ্গে চেচিয়ে উঠল, ‘আপনি কি পাগল? বুঝতে পারছেন না! অবশ্যই শ্রীলঙ্কাকে।’ বললাম, ‘তা জানি, কিন্তু বাংলাদেশ জিতলে কেমন উৎসব হয় চট্টগ্রামে, সেটা নিশ্চয় দেখেছেন। বাংলাদেশ হেরে গেলে এমন উৎসব তো মিস করবেন।’ কপট রাগ নিয়ে একজন বললেন, ‘বয়েই গেছে আপনাদের উৎসবে যোগ দিতে, এখানে বাংলাদেশ জিতলে সমর্থকেরা দেখি গায়ে রং ছিটায়। শ্রীলঙ্কানরা কখনোই এমন করে না। খেলা দেখে খুশি মনে বাড়ি চলে যায়।’
গত সোমবার এমন খুনসুটি দিয়েই শুরু হয় চট্টগ্রামে পড়তে আসা শ্রীলঙ্কান শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ক্যাফেটরিয়ায় তখন দুপুরের খাবার খেতে আসা শিক্ষার্থীদের ভিড়। এর মধ্যে দুটো টেবিল জোড়া দিয়ে বসেছেন জনা দশেক শ্রীলঙ্কান শিক্ষার্থী। তাঁরা সবাই ইউএসটিসির এমবিবিএসের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
একরাশ কালো চুলের মধ্যে গুচ্ছ গুচ্ছ সোনালি চুল উঁকি দিচ্ছে এমবিবিএস ফানাইল শেষ করা কলম্বোর মেয়ে সুরাঙ্গি কুরুপ্পুর মাথায়। ঠোঁটে দুষ্টু হাসি এনে বললেন, ‘শুরুতে আমাদের কাছে নিশ্চয় জানতে চাইবেন, চট্টগ্রাম কেমন লাগছে?’ হেসে ‘হ্যাঁ’ বলতেই পাশে বসা একজনকে দেখিয়ে দিলেন। ‘সামিরাই বলুক, ও তো কিছুদিন হলো এসেছে।’ সুঠাম দেহের অধিকারী প্রথম বর্ষের ছাত্র সামিরা সামারা সিংহে কথাবার্তায় বেশ সপ্রতিভ। বললেন, ‘ভীষণ ধুলাবালু আর শব্দ। তবে আবহাওয়াটা আমাদের দেশের কাছাকাছি।’ তাঁর মুখ থেকে কথা টেনে নিলেন গলের মেয়ে গাইনি ডি সিলভা। বললেন, ‘আসলে চট্টগ্রামের মানুষ ভীষণ আন্তরিক আর বন্ধুসুলভ। সবাইকে নিজের দেশের মানুষ বলে মনে হয়।’
এত জায়গা থাকতে চট্টগ্রামে কেন পড়তে আসা? এমন প্রশ্নের উত্তরে তাঁরা জানান, শ্রীলঙ্কায় চিকিৎসাবিজ্ঞানে সবাই পড়ার সুযোগ পান না। বছর খানেক আগেও সেখানে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। চট্টগ্রামের ইউএসটিসি সে দেশের সরকারের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। তা ছাড়া এখানে পড়ার খরচও কম। জানা গেল ইউএসটিসি, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০০ শ্রীলঙ্কান শিক্ষার্থী পড়ছেন। এ ছাড়া সে দেশের আরও নাগরিক কর্মসূত্রে বসবাস করছেন এই শহরে। ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার জাতীয় দিবসের দিন ও ১৩-১৪ এপ্রিল সিংহলি নববর্ষ উপলক্ষে চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কানরা একত্র হন।
আড্ডায় ঘুরে-ফিরে এল ক্রিকেট, খাবারদাবার ও চট্টগ্রামের বিভিন্ন বিষয়। বিশেষত ঘুরে-ফিরে আসছিল ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কা ছাড়া আর কোন দেশের খেলা ভালো লাগে? সবাই একযোগে বললেন, ‘অবশ্যই বাংলাদেশ। তবে ভারতকে আমরা কখনোই সমর্থন করি না।’ যোগ করলেন এমবিবিএস চতুর্থ বর্ষে ছাত্র ভিরাজ মঞ্চনায়েক। তাঁর কথায় সায় দিলেন সবাই। বোঝা গেল ভারত তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী।
এ দেশের খাবারের মধ্যে শ্রীলঙ্কান শিক্ষার্থীদের ভালো লেগেছে কাচ্চি বিরিয়ানি, ফুচকা, টিক্কা কাবাব ও শিঙাড়া। শুঁটকির কথা তুলতেই গা-ঝাড়া দিয়ে বসলেন বিন্দিয়া হেরাথ। বললেন, বাংলাদেশের সেরা হলো দুটি জিনিস—একটি শুঁটকি, অন্যটি সেন্ট মার্টিন। আবারও একমত হলেন সবাই। সুরাঙ্গি বললেন, ‘আপনাদের সেন্ট মার্টিন দ্বীপ সত্যি অতুলনীয়। আর রাঙামাটিও খুব সুন্দর।’
চট্টগ্রামের সবকিছু ভালো লাগলেও ধনী-গরিবের মস্ত ফারাক খুব পীড়া দেয় এসব শিক্ষার্থীকে। বিষয়টি ব্যাখ্যা করলেন ভিরাজ, ‘দেখুন এখানে এসেই দেখলাম, ছোট ছেলেরা কাজ করে হোটেল-রেস্তোরাঁ ও টেম্পোতে। সবাই তাদের পিচ্চি বলে। এমন পিচ্চির দেখা পাবেন না শ্রীলঙ্কায়। সেখানে এ বয়সের বাচ্চারা স্কুলে যায়।’
চট্টগ্রামে এসে সবার অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। তবে নির্মল আতে গুনাবর্ধনারটি সব চেয়ে ব্যতিক্রম। তাঁর ফ্ল্যাটে প্রায়ই ভুতুড়ে কাণ্ডকীর্তি ঘটে। আলোর ঝলকানি দেখেন হঠাৎ হঠাৎ। আপনা-আপনিই দরজা, জানালা আর ল্যাপটপের ডালা খোলে বন্ধ হয়। বাড়ির দারোয়ানের কাছে শুনেছেন, ভূত আছে সেখানে।
প্রশ্ন করা হলো, ভূতটা কোন দেশি? শ্রীলঙ্কান না বাংলাদেশি? সবার সহাস্য উত্তর, বাংলাদেশি।