'বই দুঃসময়ের ভরসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
আফজাল হোসেন

আমার শৈশব কেটেছে গ্রামে। গ্রামে গ্রামে তখন পাঠাগার ছিল।

ঢাকা থেকে অনেক দূরে আমাদের গ্রাম, কিন্তু সেই গ্রাম কলকাতা শহরের কাছে। সীমান্ত এলাকায় বাড়ি বলে ওপার থেকে অনেক পত্রিকা বাসায় আসত। সেসব পত্রিকা বড়দের। ছোঁয়া বারণ ছিল। তবু লুকিয়ে লুকিয়ে উল্টোরথ ঘাঁটাঘাঁটি করতাম। সিনেমার ছবি দেখা, খবর জানা আর আগ্রহ ছিল ছোটগল্পগুলোয়।

বড়রা শরৎচন্দ্রের লেখা খুব উৎসাহ নিয়ে পড়েন দেখে নিজেও লুকিয়ে পড়া শুরু করি। একসময় দস্যুতার গল্পে প্রবল আগ্রহ জন্মে। দস্যু বনহুর, বাহরাম, মোহন—সবই গোগ্রাসে গিলতে বা পড়তে শুরু করি। রহস্য, অ্যাডভেঞ্চারের দিকে মন ঘোরে। কুয়াশা খুঁজি, মাসুদ রানা নেশা হয়ে যায়।

স্বাধীনতার পর থেকে পড়ার আগ্রহ বদলে যায়। কবিতায় মন বসে। সুকান্তের কবিতা আবৃত্তি করতে ভালোবাসতাম খুব। জীবনানন্দ দাশ প্রিয় কবি হয়ে ওঠেন। একসময় হয়ে উঠি কবিতার বইয়ের পোকা। মাস পয়লা টাকা হাতে এলে নতুন প্রকাশিত যে কারও কাব্যগ্রন্থ কিনে ফেলতাম। প্রিয় কবি অনেকেই। তবে বিশেষ প্রিয় আবুল হাসান, নির্মলেন্দু গুণ ও আল মাহমুদ। সাত-আট বছর ধরে দেখছি, শামসুর রাহমানে মুগ্ধ হই। তরুণকালে এ মুগ্ধতা ছিল কোথায়, কে জানে। সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক প্রিয় লেখক আর প্রিয় আবদুল্লাহ আবু সায়ীদ।

ওপার বাংলার সমরেশ বসু প্রিয় ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় সব সময়ের প্রিয়। জয় গোস্বামীর কবিতা আগ্রহ নিয়ে পড়ি।

যদি দেখি মাথা খুলছে না, যদি কোনো কিছু নিয়ে ভেবে কূল-কিনারা না মেলে, পড়ি রবীন্দ্রনাথ। কবিতা, গান, গল্প, চিঠিপত্র, প্রবন্ধ অথবা বিচিত্র বিষয়ে টুকরা লেখা—যেকোনো কিছু হলেই হয়। বইয়ের তাকে পুরো রবীন্দ্র-রচনাবলি থাকা মানে সঞ্চয়ে আছে অফুরান শক্তি ও সাহস।

অনুপ্রেরণা ও আশা খুঁজতে পড়ি সেলিম আল দীন। পড়ি আর ফেলি দীর্ঘশ্বাস, তাঁর আরও বেশি বাঁচা জরুরি ছিল।

কিছুদিন আগে প্যারিসে ল্যুভর মিউজিয়ামে গিয়েছিলাম। প্রচুর ভালো লাগার সঙ্গে প্রবল মন্দ লাগা নিয়ে ফিরেছি। মনে হয়েছে চারুকলা বিষয়ে পড়াশোনা করেছি বটে, চিত্রকলা বিষয়ে জানি না কিছুই। সে মনঃকষ্ট থেকে রক্ষা পেতে সুযোগমতো দ্য টুয়েন্টিয়েথ সেঞ্চুরি আর্ট বুক নাড়াচাড়া করছি। এটা নোট বইয়ের মতো। অল্পসল্পে, জানি বলার সান্ত্বনা মিলছে। সম্প্রতি বায়োগ্রাফিক্যাল এনসাইক্লোপিডিয়া অব আর্টিস্ট সংগ্রহ করতে পেরে বেশ আনন্দিত। মনে জোর অনুভব হয়, অজানা অনেক, তবু ইচ্ছা হলে জানার সুযোগ হাতের কাছেই।

অনুলিখন: সুচিত্রা সরকার