'বই মানুষকে শুধু আনন্দ দেয় না, মনে শক্তি জোগায়'
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার বলেন, মননশীল সমাজ গঠনে বইপাঠের বিকল্প নেই। বই মানুষকে শুধু আনন্দ দেয় না, মনে শক্তি জোগায়।
৯ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে পাঠকসেবার মানোন্নয়নের লক্ষ্যে পাঠক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. হামিদুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লীলা মুরং ও কবি মানিক বৈরাগী।
বক্তব্য দেন কক্সবাজার সরকারি গণগ্রন্থাগার পাঠক ফোরামের আহ্বায়ক শম্ভুনাথ চক্রবর্তী, গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ, পাঠক ফোরামের সদস্য নাছির উদ্দিন, সাংবাদিক কালাম আজাদ, রফিকুল ইসলাম প্রমুখ।
নূর হোসেন তালুকদার বলেন, কক্সবাজারের একমাত্র এই সরকারি গণগ্রন্থাগারকে আধুনিকায়ন করতে উদ্যোগ নেওয়া হবে।
শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।