‘বউত দিন পর দ্যাহা অইয়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বদ্দা, ক্যান আছন ? গম আছন না ? বউত দিন পর দ্যাহা অইয়ি অনর লগে।’ ঢাকার ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গত শুক্রবার ও শনিবার আমন্ত্রিত প্রায় সবারই মুখে ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। প্রত্যেকের কথোপকথনে ছিল আন্তরিকতার বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের উপস্থাপক চলিত শুদ্ধ উচ্চারণে ঘোষণা দিতে গেলে সমস্বরে প্রতিবাদ ওঠে—‘চাটগাঁইয়া হথা হ।’ ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি-ঢাকার শতবর্ষ উদ্যাপন আয়োজনের দৃশ্য ছিল এ রকম। তাদের বছরজুড়ে নানা আয়োজন ৩ ডিসেম্বর সমাপ্ত হয়েছিল মেজবানের মধ্য দিয়ে। ২ ডিসেম্বর বেলুন ও কবুতর উড়িয়ে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের সমাপ্তি পর্বের উদ্বোধনী ঘোষণা করা হয়। এরপর চট্টল সংগীতসন্ধ্যা শুরু হয় নাচ দিয়ে। মৌসুমী ও ডালিম কুমারের উপস্থাপনায় প্রথমে মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ। এরপর আতিক হাসান। শহীদুল ইসলাম গেয়ে শোনান, ‘এক জীবনে তুমি আমি’, ‘শিনার লগে বাঁধি রাইখ্যুম তোঁয়ারে’—এই গান দুটি। চট্টগ্রামের আরেক শিল্পী আহ্নিকের গান ছিল ‘মায়া লাগাইছে’, ‘দয়াল বাবা কেবলা কাবা’। এ ছাড়া ‘সবার জীবনে প্রেম আসে’ গেয়ে শোনান রিজিয়া পারভীন। রবি চৌধুরীর নতুন অ্যালবাম চট্টমেট্রোর মোড়ক উন্মোচন হয় এক ফাঁকে। নতুন এই অ্যালবাম থেকে তিনি গেয়ে শোনান, ‘রইস্যা বন্ধু চলি গেইলগ্যই বুকত শেল মারি’। গানের সঙ্গে নাচের কোরিওগ্রাফি ছিল বাড়তি পাওনা। রেনেসাঁর নকিব খানের কণ্ঠে শোনা হলো, ‘ও নদী রে’ এবং ‘সাতকাইন্যাতুন নোয়া বউ আইন্য’। এরপর মঞ্চে আসে সোলস। পার্থ বড়ুয়া গেয়ে শোনালেন, ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘চায়ের কাপে পরিচয় তোমার সাথে’। গানের সঙ্গে মাঠে ঘুরে ঘুরে একজন অন্যজনের সঙ্গে পরিচিত হওয়ার কাজটাও সেরে নিচ্ছেন। আর এলআরবির আইয়ুব বাচ্চু বলছিলেন চট্টগ্রামের গানে সাম্পানওয়ালার অস্তিত্বের কথা। নিজেকেও পরিচয় দিলেন সাম্পানওয়ালা হিসেবে, যিনি গিটার নামক বৈঠা নিয়ে গানের সাগরে ঢেউ কাটছেন। গেয়ে শোনান, ‘একি অচেনা জীবন’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘আমি ভুল করেছি তোমায় ভালোবেসে’। এরপর আসেন মরমি শিল্পী ফকির শাহাবুদ্দিন। ৩ ডিসেম্বর ছিল মূলত মেজবান। কবির ভাষায়, ‘চট্টগ্রামের ঐতিহ্য সমিতির মেজবান-গরুর গোশত, নলা কাঁজি বার আউলিয়ার শান।’ আমন্ত্রিত অতিথি প্রায় ২৫ হাজার। মঞ্চে শতবর্ষে চট্টগ্রাম সমিতি গ্রন্থের মোড়ক উন্মোচন হলো। সমিতির পক্ষ থেকে এবার পদক দেওয়া হয়—শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক শফিউল আলম, ভাষা গবেষণায় অধ্যাপক মনসুর মুসা, অনুবাদ সাহিত্যে জাফর আলম, জনপ্রশাসনে এম মোবারক এবং সংগীতে অবদানের জন্য এম এন আখতারকে। রাজনীতির মত আর পথের পার্থক্য থাকলেও চট্টগ্রাম সমিতির স্মৃতিচারণার মঞ্চে যাঁরা আলোচনা করেছেন তাঁদের মুখে ছিল একই সুর—জাতীয় সমৃদ্ধির স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন। সবারই এক কথা, চট্টগ্রামের উন্নয়নে সব অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। সভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ফুলের শুভেচ্ছা গ্রহণ করলেন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মেজবানের পাঠানো মাংস খেয়ে প্রশংসা করেছেন—এমন সংবাদও মুখে মুখে ফিরেছে। সত্যমিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। অনুষ্ঠান শেষ হয় ফকির শাহাবুদ্দিন ও কান্তা নন্দীর গানে।