'বন ও পরিবেশ ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে'
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, ‘বন ও পরিবেশ ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তা না হলে ভবিষ্যতে বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বনজ সম্পদ রক্ষার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করতে হবে।’
৩ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য ও মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অা লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভার স্লোগান ছিল, ‘আমি প্রকৃতি, প্রকৃতি আমার।’
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোসেন ভুঁইয়া। সঞ্চালনা করেন ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলার সমন্বয়কারী আবদুল কাইয়ুম।
অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহ-ই আলম, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, ক্রেল প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা শফিকুর রহমান, মেদাকচ্ছপিয়া সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি বাহাদুর হক, সাবেক সভাপতি মীর আহামদ হেলালী, ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন।