৪ জানুয়ারি প্রথম আলো কার্যালয়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক আড্ডায় মেতেছিলেন। সেই আড্ডায় উঠে এসেছে জামিলুর রেজা চৌধুরীর শৈশব ও শিক্ষাজীবন আর বর্তমান সময়ের শিক্ষার্থীদের নানা স্বপ্ন ও সম্ভাবনার কথা। সে আড্ডার নির্বাচিত অংশ স্বপ্ন নিয়ের পাঠকদের জন্য।আড্ডায় যাঁরা অংশ নিয়েছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। শিক্ষাবিদ। পুরকৌশলী। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। দীর্ঘ ৩৮ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) শিক্ষকতা করেছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন নয় বছর। বর্তমানে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্বাধীনতা স্তম্ভসহ সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পে উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তফিকুল ইসলাম, শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হাসিবুর রহমান, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি তিতুমীর কলেজ ইকবাল হাসান, শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় মাহফুজ-ই-রাব্বানী, শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিপুল কুমার, শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস, ঢাকা বিশ্ববিদ্যালয় তৌফিকা সুলতানা, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শর্মিলা রাণী কুণ্ডু, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিয়াসাদ আজিম, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হোসেন, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কাজী খালেদুর রহমান, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বপ্না তাসনীম তাবাস্সুম, শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইমরান আহমেদ, শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেকাবুল ইসলাম, শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, সরকারি তিতুমীর কলেজ উজ্জ্বল মৈত্র, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাফিয়া চৌধুরী, শিক্ষার্থী, মতিঝিল ন্যাশনাল আইডিয়াল কলেজ সাদিয়া চৌধুরী, শিক্ষার্থী, ড্যাফোডিল ইউনিভার্সিটি জুয়েল রানা, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আপনাকে আমাদের এ আড্ডায় স্বাগত। একজন সফল মানুষ হিসেবে শুরুতেই আমরা আপনার শৈশবের কথা জানতে চাই।আমার জন্ম সিলেটের করিমগঞ্জে, ওটা এখন ভারতের আসামে পড়েছে। তবে আমার শৈশব কেটেছে সিলেট শহরে।আমি নিজেকে সৌভাগ্যবান বলব এই কারণে যে আমার এমন এক পরিবারে জন্ম হয়েছিল, যেখানে আমি শৈশব থেকেই একটা প্রকৌশল পরিমণ্ডল পেয়েছিলাম। ছোটবেলায় আমি ইঞ্জিনিয়ারিং জার্নালের পাতা ওল্টাতাম, অন্য বই পড়ার আগেই আমার এসবের সঙ্গে পরিচয় ঘটে। কারণ আমার বাবা ছিলেন প্রকৌশলী। তোমরা অনেকে নিশ্চয়ই সিলেটের জাফলং গিয়েছ, ওখানে তামাবিল দিয়ে যে রাস্তাটা সীমান্ত পার হয়ে ভারতের শিলংয়ে গেছে, সেখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাবে, ওটা আমার বাবার তত্ত্বাবধানে করা। তাঁর চাকরিজীবনের শুরুতে তাঁর ওপর দায়িত্ব পড়েছিল রাস্তা ও ব্রিজটা করা। ১৯৪৯ সালে জীবনের প্রথম স্কুলে গিয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়ি। এক সহপাঠী আমার টিফিন বক্সে পানি ঢেলে দিলে আমি খুব কান্নাকাটি করি। রাগ করে আমি আর স্কুলে যাইনি। পরে আর আমাকে স্কুলে পাঠানো সম্ভব হয়নি। বাসাতে পড়েই ওয়ান-টু-থ্রির সব পড়া শেষ করি। এরপর ১৯৫০ সালে সরাসরি ক্লাস ফোরে গিয়ে ভর্তি হই ময়মনসিংহ জিলা স্কুলে। বাবা ঢাকায় বদলি হলেন। তারপর ঢাকাতেই লেখাপড়া। প্রথমে নবাবপুর গভ. হাইস্কুল (পূর্বনাম প্রিয়নাথ হাইস্কুল), পরে সেন্ট যোসেফে। সেভেন, এইট, নাইন, টেন—এই চার বছর সেন্ট যোসেফ স্কুলে পড়লাম। তারপর ম্যাট্রিক দিলাম ১৯৫৭ সালে। আমরা বাসা বদল করে এলিফ্যান্ট রোডে চলে এলাম। আমরা যখন আসি, তখন এলিফ্যান্ট রোড কাঁচা রাস্তা ছিল। বর্ষার সময় নিউমার্কেটের কাছে জুতা খুলে বাসায় আসতে হতো। এখানে ধানখেত ছিল এবং ষাটের দশকের মধ্যভাগ পর্যন্ত আমাদের বাড়িতে, মানে বাড়ির পাশে ধান চাষ করা হতো। আমি অভিজ্ঞতা অর্জনের জন্য লাঙল-টাঙলও চালিয়ে দেখেছি। ঢাকা কলেজ থেকে আইএসসি পাস করে ভর্তি হই আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে। আমরা ছাত্র থাকতে থাকতেই এটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। নাম হলো ‘ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্বাধীনতার পর হলো বুয়েট। আমরা তিন ভাই। তিনজনই ইঞ্জিনিয়ার। তিনজনই বুয়েটে পড়েছি। বড় ভাই হাসন রেজা চৌধুরী ও ছোট ভাই মাহবুবুর রেজা চৌধুরী।আপনারা শিক্ষাজীবনে খেলাধুলার কতটা সময় পেতেন?আমি তো বলব, আমাদের সময়ে খেলাধুলার দারুণ পরিবেশ ছিল! আমি নিজেও বিভিন্ন দলে খেলেছি। আন্তবিশ্ববিদ্যালয় যে খেলাগুলো হতো —ক্রিকেট, হকি, টেবিল টেনিস—আমি বুয়েট দলে ছিলাম। আমি ব্যাটিংয়ে খুব একটা ভালো ছিলাম না। আমি ক্রিকেট দলে ঢুকতাম প্রধানত বোলার হিসেবে। বাঁহাতি স্পিন বোলার। ইনিংসে ৭/৮ উইকেট নেওয়ার রেকর্ডও আমার ছিল। খেলা নিয়ে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে কি? আমি বাঁহাতি বোলার, ডানহাতি ব্যাটসম্যান। ওই যে বললাম, আমি ব্যাটিংয়ে খুব একটা ভালো ছিলাম না। কারণটা বলি। একবার ব্যাটিং করার সময় নাকে এসে বল লাগে। নাক দিয়ে রক্তটক্ত বেরিয়ে যায়। সেটা ম্যাট্রিক পরীক্ষার কিছু আগে। এর পর থেকে একটা ভয় ঢুকে যায়। কোনো বল এলে ফরোয়ার্ড খেলতে পারি না। সব সময় ব্যাকফুট, কখন আবার নাকে লাগে! এ জন্য ব্যাটসম্যান হিসেবে কখনোই আর সুবিধা করতে পারিনি।আপনি তো বাঁহাতি স্পিনার ছিলেন। আর এখন বাংলাদেশ দলে কিন্তু বাঁহাতি স্পিনারদেরই জয়জয়কার। যদি এই বিশ্বকাপে কাপে আপনি থাকতেন, তাহলে কেমন হতো? এখন আমার মাঝেমধ্যেই মনে হয় যে আবার যদি মাঠে গিয়ে খেলতে পারতাম! শিক্ষক হওয়ার পরও আমি স্টুডেন্টদের সঙ্গে বুয়েট মাঠে খেলেছি। টিচার্স টিমেও আমি বেশ কয়েক বছর অধিনায়ক ছিলাম। আমাদের বার্ষিক একটা প্রতিযোগিতা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বুয়েটের শিক্ষকদের মধ্যে। সেখানে নেতৃত্ব দিয়েছি। তো মাঝেমধ্যেই মনে হয়, যদি আবার মাঠে গিয়ে বল করতে পারতাম!আপনার শিক্ষকতা জীবন কবে শুরু হলো?এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমার রেজাল্ট বেরোনোর পরের দিনই আমাকে শিক্ষকতা শুরু করতে হয়। রেজাল্ট বের হওয়ার পরদিন দেখা করলাম বিভাগীয় প্রধানের সঙ্গে ড. ওয়াহেদ উদ্দিন আহমেদ স্যারের সঙ্গে। তিনি এখনো বেঁচে আছেন। বললেন, ‘দেখো, থার্ড ইয়ারে স্ট্রাকচার ক্লাস হচ্ছে। আজকে প্রফেসর হায়দারুজ্জামান আসার কথা, বিশেষ কারণে তিনি আজ আসতে পারেননি। তুমি যাও, ক্লাস নাও। অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে পাবে। ইউ আর অ্যাপয়েন্টটেড অ্যাজ এ লেকচারার। ইউ গো অ্যান্ড স্টার্ট টিচিং।’ কোনো প্রস্তুতি ছাড়াই ১৯৬৩ সালে মাত্র ২০ বছর বয়সে আমার শিক্ষকতা জীবন শুরু হলো।আপনি দেশের বাইরে কোথায় লেখাপড়া করেছেন?১৯৬৪ সালে আমি বার্মা ইস্টার্ন স্কলারশিপ পেলাম। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র একটি আসন। স্কলারশিপ নিয়ে ১৯৬৪ সালের সেপ্টেম্বরে আমি চলে গেলাম ইংল্যান্ডে, ইউনিভার্সিটি অব সাউদাম্পটন। পিএইচডি শেষ করি ১৯৬৮ সালে। বিদেশে কাজের অনেক সুযোগ ছিল। কিন্তু আমার তখন দেশে ফেরার টান। আমি দেশের জন্য কাজ করব। পিএইচডি শেষ করেই আমি ঢাকায় ফিরে আসি এবং আবার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি।আমরা শুনেছি, আপনার চলচ্চিত্র আর নাটক নিয়ে অনেক আগ্রহ...আমি ইংল্যান্ডে যে ইউনিভার্সিটিতে পড়তে যাই, সেখানে একটা ফিল্ম ক্লাব ছিল। খুব অল্প টাকায় সেই ক্লাবের মেম্বার হওয়া যেত। সপ্তাহে এক দিন লাঞ্চ-টাইমে ওরা সিনেমা দেখাত। সব ক্লাসিক ফিল্ম দেখাত। তখনকার সব বিখ্যাত ছবি আমি ওই ফিল্ম ক্লাবের মাধ্যমে দেখেছি। আর স্বাধীনতার পর ঢাকার মঞ্চে যখন নাটক হতে শুরু করল, তখন নিয়মিত নাটক দেখতাম। নাটকে অভিনয়ের খুব শখ ছিল কিন্তু সুযোগ হয়নি। তবে একবার অবশ্য সুযোগ এসেছিল। তখন সেভেনে পড়ি বোধ হয়। এখনকার বর্ষীয়ান সাংবাদিক এবিএম মূসা তখন ব্রাদার্স ইউনিয়নের অর্গানাইজার আর আমি জুনিয়র মেম্বার। মূসা ভাই ডেকে বললেন, ‘আমরা একটা নাটক করব, সেখানে তোমাকে একটা রোল দেব।’ রোলটা হলো ‘বার্তাবাহক’। যত দূর মনে পড়ে, কুর্নিশ করে করে জাহাঁপনা-টাহাপনা বলতে হবে। রিহার্সেল দিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে নাটকটি আর মঞ্চত্ব হলো না।স্যার, আপনি যেহেতু বিজ্ঞানের ছাত্র। তাই আপনার কাছে জানতে চাই, বিজ্ঞানের শিক্ষার্থীদের চাকরির বাজারে বর্তমানে যে হতাশা, তা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব?এটা আমাদের দুর্ভাগ্য বলব যে বিজ্ঞানের ছাত্র দিন দিন কমে যাচ্ছে। সরকার যদিও শিক্ষানীতিতে বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। কিন্তু বাস্তবে এটার প্রতিফলন খুব একটা দেখা যায় না। তবে আমরা আশা করছি, নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে এ সমস্যার অনেকটাই সমাধান হবে।আমি সমাজবিজ্ঞানে পড়ি। জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করতে চাই। কী করতে পারি?পাঁচ-ছয় বছর আগেও ধারণা করা হতো যে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য শুধু চিকিৎসকেরাই পড়বে। আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে উপাচার্য ছিলাম, তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এমপিএইচ (মাস্টার্স ইন পাবলিক হেলথ) খুলব। অন্যান্য দেশে এই ডিগ্রিটা সবার জন্যই উন্মুক্ত, এটা শুধু চিকিৎসকদের জন্য নয়। ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি, যেখানে এমপিএইচ ডিগ্রি চালু করা হয় এবং সব বিষয়ের ছাত্রদের জন্য তা উন্মুক্ত করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটিতে কি এ জন্য কোনো স্কলারশিপ দেওয়া হয়?আগে ফুল স্কলারশিপ দেওয়া হতো। আমার সময়ে টিউশন ফির ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হতো। বর্তমানেও এ নিয়ম সম্ভবত চালু আছে। সর্বশেষ তথ্যটা তোমাদের ব্র্যাক থেকে জেনে নেওয়া উচিত।বেকার সমস্যা দেশের অন্যতম বড় সমস্যা। এ থেকে কীভাবে আমরা মুক্তি পাব? গত কয়েক বছরে বেকারত্বের জায়গায় একটা বড় পরিবর্তন এসেছে বলে আমার মনে হয়। আগে আমরা চিন্তা করতাম কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একটা চাকরি জোগাড় করার। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকেই হয় নিজে ব্যবসা শুরু করছে বা প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে। এটাই আমি বলব যে গত ২০ বছরে বাংলাদেশের বিরাট পরিবর্তন। বেকারত্ব দূর করার জন্য সরকার খুব আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলেও সবার জন্য চাকরির ক্ষেত্র তৈরি করতে পারবে না। উল্টো আমার তো মনে হয়, সরকারি চাকরি আস্তে আস্তে আরও সংকুচিত হবে। তাই আমরা সব সময় চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা পাস করে শুধু চাকরির জন্য চেষ্টা না করে নিজেই কিছু করার চেষ্টা করে। ইদানীং নতুন অনেক ইউনিভার্সিটিতে এ প্রবণতা দেখা যাচ্ছে। আমি বলব, চাকরির আশায় বসে না থেকে বরং নিজেই উদ্যোক্তা হও। ছাত্ররাজনীতি নিয়ে আপনার অভিমত কী? সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য আমি কী করতে পারি?ছাত্রনেতা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইংল্যান্ডে ইউনিয়ন টিমে আমি মোটামুটি সক্রিয় ছিলাম। ওখানে দেখেছি, ওখানকার ছাত্ররা লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টি যারই সমর্থক হোক না কেন, তারা মূল রাজনৈতিক দলের সঙ্গে খুব একটা সক্রিয় ছিল না। আমাদের দেশে ছাত্রনেতারা মূল দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেটি মোটেও ভালো নয়। আমাদের নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে আপত্তি জানানোর পর কাগজকলমে কিছুটা বদল হয়েছে ঠিকই, কিন্তু কাজের ক্ষেত্রে এখনো কোনো বদল আসেনি। আগে যারা ছিল নিবেদিত রাজনৈতিক কর্মী, তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমাদের মতো যারা রাজনীতিতে আসবে, আশা করি তারাই এটার পরিবর্তন করবে। নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে।আমি ইংরেজির শিক্ষার্থী। বাংলাদেশের কোন কোন ক্ষেত্র আমার জন্য ভালো হতে পারে?ইংরেজিতে পড়াশোনা করলে যে ইংরেজি নিয়েই সারা জীবন থাকতে হবে, তার কোনো মানে নেই। আইবিএম পৃথিবীর একটা অন্যতম বড় কম্পিউটার কোম্পানি। ওই কোম্পানির ম্যানেজমেন্ট সেক্টরে যাঁরা ছিলেন তাঁদের শতকরা ৩০ ভাগই ইংরেজির ছাত্র। ইংরেজি হলো একটা বেসিক এডুকেশন ডিগ্রি। অন্য সেক্টরে যাওয়ার জন্য এটাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইংরেজির শিক্ষার্থীদের জন্য এটা একটা বাড়তি সুবিধা বলব আমি। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার মতামত কী? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি রেজাল্ট তুলনামূলক খারাপ থাকে। ফলে তাদের মাথায় এই চিন্তাটা শুরু থেকেই কাজ করে যে তাকে প্রচুর খাটতে হবে। আর একটা বিষয়, আমরা দুই বছর আগে থেকেই ঘোষণা করি, কোন সেমিস্টার কবে থেকে শুরু হবে, কোন পরীক্ষা কবে নেওয়া হবে, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো দিন করতে পারবে বলে মনে হয় না। সে জন্য আমার মনে হয়, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের তুলনায় অনেক বেশি মোটিভেটেড এবং হার্ডওয়ার্কিং। প্রফেশনাল লাইফেও তারা ভালো পারফর্ম করছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ভালো করছে?এ ব্যাপারে আমি কিছু বলব না। তোমরা একটু চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবে, এমন কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়। তো তাদের শিক্ষার্থীদের কোয়ালিটি কেমন হবে তা সহজেই অনুমেয়। তবে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ভালো করছে, সেটা কিন্তু সহজেই চোখে পড়ছে। শিক্ষা শেষে চাকরির বাজারেও তারা ভালো করছে।শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কীভাবে আরও উন্নত করা যায়?শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার যুগের বাস্তবতা। আমরা আগে স্কুল-কলেজে শুধুই লাইব্রেরি ব্যবহার করতাম। এখন ইন্টারনেট হওয়ায় সুবিধা হয়েছে, কাঙ্ক্ষিত বিষয়ে সার্চ দিলে এক মুহূর্তেই ওই বিষয়ের বিস্তারিত তথ্য পাওয়া যায়। এখন কিন্তু বিভিন্ন বিষয়ের লেসন ইন্টারনেটে রাখা আছে। একদম স্কুলপর্যায় থেকে। গণিত, অর্থনীতি, পদার্থ বা রসায়ন—সবই পাওয়া যায় সেখানে। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ছেলে, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছে, সালমান খান। ওর ওয়েবসাইটে প্রায় দুই হাজার লেসন আছে। আমি মাঝেমধ্যে দেখি। আমেরিকান ছেলেমেয়েরা এটা প্রচুর ব্যবহার করে থাকে। এ রকমটা যদি আমরা স্কুলপর্যায়ে দিতে পারি, কিংবা ১০ হাজার টাকায় যদি একটা ল্যাপটপ দিতে পারি, তাহলে এ ধরনের কর্মকাণ্ড আরও সহজ হবে। এর ফলে বাংলাদেশের দুর্গম এলাকায় বসে একজন ছাত্র সেই জ্ঞান লাভের সুযোগ পাবে, উন্নত দেশের একজন যে ধরনের জ্ঞান পেয়ে থাকে। প্রযুক্তির প্রভাবে জ্ঞানের একটা দূরত্ব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। অগ্রগতি কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? আমি একসময় তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের কাজের সঙ্গে জড়িত ছিলাম। আইসিটি পলিসি করার জন্য ২০০৮ সালে আমরা কমিটি করে দিয়েছি। এখন সরকার এটার বাস্তবায়ন করে যাচ্ছে। তবে আমি বলব, তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারের কথাবার্তাই বেশি হচ্ছে। বাস্তবায়ন খুব একটা হচ্ছে না। ছোটখাটো দু-একটা কাজ হচ্ছে বটে। আমার ধারণা এ দুই বছরে আরও অগ্রগতি হওয়া উচিত ছিল। যদিও সরকারের প্রায় সব প্রতিষ্ঠানেরই এখন ওয়েবসাইট হয়েছে। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, তার বেশির ভাগই হালনাগাদ করা হয় না। আমি প্রায় পাঁচ বছর আগেই বলেছিলাম, ভূমি নিবন্ধন ও ভূমিসংক্রান্ত তথ্য সংরক্ষণ অবশ্যই কম্পিউটারভিত্তিক হওয়া উচিত।একজন সফল মানুষ হওয়ার মূলমন্ত্র কী?আমি নিজেকে খুব একটা সফল মনে করি না। আমি কোনো সময় কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারি না। আমি জীবনে কখনো ভাবিনি যে একজন সফল প্রকৌশলী হব বা একজন সফল শিক্ষক হব। আমার এটা সৌভাগ্য বলব যে আমার যা কিছু অর্জন তা আপনাআপনিই হয়েছে। আমার মনে হয় সফল হওয়ার জন্য কোনো মন্ত্র বা ফর্মুলা নেই। আমি যেটা করেছি, চোখ-কান খোলা রেখেছি সব সময়। শুধু নিজের বিষয়ের মধ্যে একদম মগ্ন হয়ে থাকিনি। যখন যা পেয়েছি পড়াশোনা করেছি। চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ের জ্ঞান আহরণ করার।