লালখান বাজারের টাংকির পাহাড় এলাকার বাসিন্দা রিকশাচালক নুরুল আসলাম। ১২ বছর আগে নোয়াখালী থেকে চট্টগ্রাম এসে তিনি ঠিকানা খুঁজে নেন এ এলাকায়। এরপর আশপাশের বিভিন্ন পাহাড়ে অনেকবার ধসের ঘটনা ঘটেছে। ঘটেছে অনেক প্রাণহানি। কিন্তু ঠিকানা ছাড়েননি নুরুল আসলাম। একইভাবে মতিঝরনা এলাকার পাহাড়ের পাদদেশে বসবাস শুরু করেন মো. দুলাল। ২০০৭ সালে পাহাড়ধসের ঘটনায় তাঁর খালা আনোয়ারা বেগম ও খালু সরু মিয়া মারা যান। এর পরও পাহাড়ের পাদদেশের আবাস ছাড়েননি দুলাল। মৃত্যুঝুঁকির কথা জেনেও অন্য কোথাও যাচ্ছেন না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘তিন হাজার টাকায় তো শহরের কোথাও বাসা পাওয়া যায় না। সরকারি লোকেরা জমি দেওয়ার আশ্বাস দিলেও গত চার বছরে কোনো খবর নেই। পত্রিকার লোকেরাও শুধু বর্ষা এলে আসেন। বর্ষা গেলেই সবাই ভুলে যান।’ সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করছেন। সরকারি হিসাবে নগরের ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী ৮০০ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা হাজারের কাছাকাছি হবে। এবার বর্ষায় এসব পরিবারকে সাময়িকভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন উপকূল অতিক্রমের পরই শুরু হবে তাঁবু নির্মাণের কাজ। গত কয়েক দিনে সরেজমিনে দেখা গেছে, নগরের লালখান বাজার এলাকার জিলাপির পাহাড়, বাটালি পাহাড়, টাংকির পাহাড়, বাঘঘোনা, পোড়া কলোনি, গরীবুল্লাহ শাহ মাজারের পেছনের কুসুমবাগ এলাকা ও বায়েজিদ বোস্তামি এলাকার বিভিন্ন পাহাড়ের অন্তত ৩০টি এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এর মধ্যে ২০০৭ সালের ১১ জুন কুসুমবাগ, মতিঝরনা, বায়েজিদ বোস্তামি, কাছিয়াঘোনা ও চট্টগ্রাম সেনানিবাসসংলগ্ন এলাকায় ১২৭ জন ও ২০০৮ সালের ১৮ আগস্ট মতিঝরনায় ১২ জন পাহাড়ধসে মারা যায়। এ ছাড়া ২০০৯ ও ২০১০ সালে বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ১৫ জন, ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড় এলাকায় রিটেইনিং ওয়াল ধসে ১৭ জন এবং সর্বশেষ গত বছরের ১৭ জুন ফিরোজ শাহ কলোনিসহ কয়েকটি এলাকায় পাহাড়ধসে ২০ জন মারা যায়। ২০০৭ সালে পাহাড়ধসের পর এর কারণ অনুসন্ধানে তৎকালীন বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটি পাহাড় ধসের ২৮টি কারণ চিহ্নিত করে এবং ধস ও ক্ষয়ক্ষতি বন্ধে পুনর্বাসনসহ ৩৬টি সুপারিশ করে। সুপারিশগুলোর মধ্যে ছিল পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা, অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রাখা, পাহাড়ে কাঁটাতারের বেড়া দেওয়া ও পাহাড়গুলোকে সামাজিক বনায়নের আওতায় আনা। পাহাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয় সুপারিশে। প্রসঙ্গত, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে পাহাড় কাটা নিষিদ্ধ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে সব ধরনের পাহাড় কাটা বন্ধের নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটা আইনত নিষিদ্ধ হলেও পাহাড়ের পাদদেশে বসবাস আইনত অপরাধ নয়। ঝুঁকি বিবেচনায় রেখেই আমরা বসবাসকারীদের সরে যেতে বলি। তবে অধিদপ্তরের অভিযান সারা বছর চললেও অন্য সংস্থাগুলো বর্ষা গেলেই সব ভুলে যায়।’ ঝুঁকি কমাতে পাহাড়ের সরকারি-বেসরকারি মালিক কিংবা প্রতিষ্ঠানকেও উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। পুনর্বাসন বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এ এইচ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, চাইলেই ঝুঁকিতে থাকা সব পরিবারকে একসঙ্গে পুনর্বাসন করা সম্ভব নয়। ইতিমধ্যে চিহ্নিত পরিবারগুলোকে পর্যায়ক্রমে তাঁবুতে সরিয়ে নেওয়া হবে। তবে তা শুরু হবে ‘মহাসেন’ সরে যাওয়ার পর।