'বর্ষার আগে বান ঠিক গরি দঅ'
>

রায়পুর ইউনিয়নের বাছা মিয়া মাঝির ঘাট ওই এলাকায় গত বছর রোয়ানুর প্রভাবে ৫৪০ মিটার বেড়িবাঁধ পানিতে ভেসে যায়
‘সামনর বর্ষার আগে বান ঠিক গরি দঅ, নইলে আঁরা আবার পানিত ভাইস্যুম। এহন আঁরার খুব হস্ট অর’ (আগামী বর্ষার আগে বেড়িবাঁধ সংস্কার করে দেন, নইলে আবারও পানিতে ভাসতে হবে। এখন আমাদের খুব কষ্ট হচ্ছে)। বঙ্গোপসাগর তীরবর্তী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাছা মিয়া মাঝির ঘাট এলাকার বাসিন্দা আবুল বশর এভাবেই তঁার মনের কথাগুলো বলছিলেন। শুধু তিনিই নন, ওই এলাকার বাসিন্দাদের দাবি যেন বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে দেওয়া হয়।
রায়পুর ইউনিয়নের বাছা মিয়া মাঝির ঘাট ওই এলাকায় গত বছর রোয়ানুর প্রভাবে ৫৪০ মিটার বেড়িবাঁধ পানিতে ভেসে যায়। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানি বাড়লেই লোকালয়ে প্রবেশ করে সাগরের পানি।
বুধবার দুপুরে বাছা মিয়া মাঝির ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঢেউয়ের তোড়ে বাঁধ ভেসে যাওয়া অংশে কিছু গাছের বল্লি ও জিও ব্যাগ ছাড়া কিছুই নেই। বাঁধের বাইরে সাগর সৈকত দিয়ে মানুষের পাশাপাশি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) থেকে সাপমারা খাল পর্যন্ত এলাকায় বেড়িবাঁধ নির্মিত হয় বিশ্বব্যাংকের সহায়তায়। পরে বিভিন্ন সময় সাগরের ঢেউয়ের আঘাতে বাঁধের বাছা মিয়া মাঝির ঘাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। গত বছর রোয়ানুর আঘাতে ওই বাঁধের ৫৪০ মিটার বাঁধ পুরোটাই পানিতে ভেসে যায়। এ কারণে এলাকাবাসীর কষ্টের শেষ নেই।
পাউবো জানায়, গত বছরের ৯ আগস্ট আনোয়ারা, কর্ণফুলী উপজেলা ও পতেঙ্গা উপকূলের জন্য ২৮০ কোটি টাকা একনেকে অনুমোদিত হয়। তার মধ্যে আনোয়ারায় বেড়িবাঁধ সংস্কারে ১৩০ কোটি টাকার টেন্ডার–প্রক্রিয়া চালাচ্ছে পাউবো।
স্থানীয় বাসিন্দা অজি আহমদ (৪৫) বলেন, শুধু বাঁধ না থাকায় এলাকার মাঠ-ঘাট লবণাক্ত। এলাকায় চাষাবাদ নেই, পুকুর–জলাশয়েও লবণ পানি। তাই এসব থেকে বাঁচতে বর্ষার আগেই বাঁধ সংস্কার দরকার।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, উপজেলার বাছা মিয়া মাঝির ঘাট এলাকার বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত। দ্রুত এই বাঁধ সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, আনোয়ারা উপকূলের জন্য একনেকে বড় প্রকল্প অনুমোদন হয়েছে। তার মধ্যে বাছা মিয়া মাঝির ঘাট এলাকার ক্ষতিটা ব্যাপক। ইতিমধ্যে ওই এলাকার বাঁধ সংস্কারের জন্য ৪০ কোটি টাকার টেন্ডার–প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে মাটি ভরাটের পাশাপাশি জিও ব্যাগ ও সিসি ব্লক বসানো হবে।