‘বাঁকখালীর সাম্পান মাঝি আঁর মন হারি নিল’
এসো হে বৈশাখ এসো এসো...' রবিঠাকুরের গানটি দিয়ে শুরু, 'বাঁকখালীর সাম্পান-মাঝি আঁর মন হারি নিল' দিয়ে শেষ। মাঝের সময়টা মানে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ষবরণের বৈচিত্র্যময় আয়োজন। লাল টুকটুকে শাড়ি পরা ছাত্রীদের নাচগানে মুখর হয়ে উঠল ক্যাম্পাস। নৃত্যের ছন্দ-সুরের আনন্দে শামিল হলেন শিক্ষকেরাও। আনন্দ উৎসবে ছিল লোকজ সংসড়ৃতির জয়গান। পান্তা-ইলিশ, হরেক রকমের পিঠা দিয়ে আপ্যায়ন তো ছিলই। পয়লা বৈশাখে নানা আয়োজনে উন্মাতাল হন কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা।ছাত্রীরা আগের দিন পুরো ক্যাম্পাস নানা আলপনায় সাজিয়ে তোলেন। হাতে মুখে রঙের মেলা, কথার মালা। অতীতের ভুল-ভ্রান্তি আর দুঃখ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে সত্যের ওপর দাঁড়িয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তাঁরা। শুদ্ধভাবে বাংলাচর্চার পাশাপাশি মায়ের ভাষা আঞ্চলিক ভাষাও ভুলে না যাওয়ার শপথ নিলেন। এ কারণে তাঁরা বৈশাখের অনুষ্ঠান সাজান চট্টগ্রামের আঞ্চলিক গান দিয়ে। কলেজ ক্যাম্পাসের এক কোনায় বড় একটি গাছের নিচে তৈরি করা হয় দৃষ্টিনন্দন ‘বৃষ্টিচত্বর’। সকাল নয়টায় এই চত্বরে তরুণীরা বৈশাখকে স্বাগত জানান ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে। এরপর হিমু সুশীল, অনুরাধা, সুস্মিতা শীল, কোহিনুর সিকদার, সুমিতা দেবী, জিপসী চৌধুরীসহ অনেকে গাইলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষের চিরসবুজ গানগুলো। সঙ্গে ছিল কক্সবাজারের আঞ্চলিক গান।‘কুতুবদিয়া আঁর বাড়ি পরি ন যাইও/যাইবার সমত আঁর বাড়িত সাম্পান ভিড়াইও’—বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী হিমু সুশীল যখন গানটি গাইছিলেন তখন সবার কণ্ঠে ছড়িয়ে যায় তা। সবার হাততালিতে সুশীলের মুখটি উজ্জ্বল হয়ে ওঠে। সুমি দেবী শুরু করেন, ‘ছোড ছোড ঢেউ তুলি, লুসাই ফারত্তুন নামিয়ারে যারগই কর্ণফুলী’ গান দিয়ে। জিপসী চৌধুরীর, ‘ওমা আঁরে নিবা এই শীতত কক্সবাজারত/লাল কিয়ারা দৌড়াই ধইজ্জুম লাবণীর চরত’, অনুরাধার ‘বাঁকখালীর সাম্পান-মাঝি আঁর মন কাড়ি নিল’ গানগুলো সবার মন কেড়ে নেয়। ছাত্রীদের গানের মেলায় হারিয়ে গেলেন শিক্ষকেরাও। কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী মাইক হাতে নিয়ে গাইতে শুরু করেন, ‘নাতিন বরই খা, বরই খা, হাতে লইয়া নুন/ঠেইল ভাঙিয়া পইয্যে নাতিন বরই গাছত্তুন’ গানটি। এরপর শিক্ষক বিপ্লব কান্তি পাল, আনোয়ারুল হক, মিজানুর রহমান, সরোয়ার আলম, সরোয়ার কামাল গানে গানে মুগ করলেন সবাইকে। ‘ওরে সাম্পানওয়ালা’, ‘হাজার দর্শক মন মজাইয়া’, ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বাইস্কোপ’ গানের সময় উন্মাতাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কলেজের ছাত্রী কোহিনুর সিকদার জানান, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। তাই সবাই মিলে একটু আনন্দ-উল্লাস করছি।’ কোহিনুর সিকদার হেসে খেলে দুটি গান করেন। টেকনাফের মেয়ের মুখে কুতুবদিয়ার গান শুনে হাসির ঢেউ ওঠে। শিক্ষক ছেনোয়ারা বেগম বলেন, ‘সারা রাত মেয়েদের জন্য পান্তা-ইলিশ ও নানা রকম পিঠা তৈরি করেছি।’জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের পাবলিক হল মাঠে বর্ণাঢ্য বৈশাখী উৎসব হয়। সকাল ১০টায় শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রধান সড়কে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর পাবলিক হল মাঠে সন্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত জানান, ‘এবার ভিন্ন আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।’এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগেও বৈশাখী উৎসব পালিত হয়। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সৈকতে আয়োজন করে বৈশাখী সংগীতানুষ্ঠান। এটি সরাসরি সমপ্রচার করা হয়।