‘আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।’ উত্তরে হাসলেন তিনি। ৭৮ বছর বয়স। কিন্তু সৌম্য অবয়বে বয়সের ছাপ নেই। আর কণ্ঠস্বর? অসাধারণ ঋজু কণ্ঠস্বর মোহিত হওয়ার মতো। বর্ণাঢ্য জীবন তাঁর। সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে যুক্ত রেখেছেন এখনো। কথা হয় অনেক বিষয়েই। তারই অল্প কিছু কথা বলা হলো এখানে ।‘আপনি হঠাৎ করে নৃত্যশিল্পী হয়ে গেলেন কী করে? প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল?’‘একেবারেই না। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন শুরু হওয়ার সময় আমরা ভাবলাম বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার কথা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ঠিক করা হলো নক্সি কাঁথার মাঠ মঞ্চস্থ করা হবে। জি এ মান্নানের সঙ্গে আমি কবি জসীমউদ্দীনের কাছে গেলাম। কবি জি এ মান্নানকে নৃত্যনাট্য করার অধিকার দিলেন। তবে শর্ত হিসেবে বললেন, বাণিজ্যিকভাবে এটার মঞ্চায়ন করা যাবে না। মহড়া শুরু হলো। কিন্তু দেখা গেল, এই নৃত্যনাট্যে অংশ নেওয়ার জন্য যত সংখ্যক ছেলে লাগবে, তা নেই। ১৯৫৬ সালে আমি জি এ মান্নানের নাচ দেখার পর একটি বড় সাক্ষাৎকার নিয়েছিলাম। সেটা জি এ মান্নানের মনে ছিল। তিনি এ সময় বললেন, ‘নাচ সম্পর্কে কী জানো?’ বললাম, ‘কিছুই জানি না। ছেলেবেলায় কলকাতায় বুলবুল চৌধুরীর নাচ দেখেছিলাম। তখন ভাবতাম, নাচ শিখব। ওইটুকুই।’ জি এ মান্নান বললেন, ‘ওখানে দাঁড়াও।’ দাঁড়ালাম। বললেন, ‘পায়জামা হাঁটু পর্যন্ত গোটাও।’ গোটালাম। বললেন, ‘তোমাকে দিয়ে হবে।’ বললাম, ‘কী করে নাচব? আমি তো নাচ জানি না।’ বললেন, ‘নাচের ব্যাপারটা আমি দেখব।’ এভাবেই নাচের শুরু। এরপর রবীন্দ্রজন্মশতবার্ষিকীতে শ্যামার বজ্রসেনও হয়েছি। মন্দিরা হয়েছিল শ্যামা। পশ্চিম পাকিস্তান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গিয়েও নাচে অংশ নিয়েছি।‘ছায়ানটের সঙ্গে কীভাবে যুক্ত হলেন?’রবীন্দ্র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পর ওয়াহিদ ভাইরা (ওয়াহিদুল হক) পিকনিকে গিয়ে ঠিক করলেন একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন। অনেকেই সেই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। বেগম সুফিয়া কামাল হলেন সভাপতি, ফরিদা হাসান হলেন সাধারণ সম্পাদক। কিন্তু কিছুদিনের মধ্যেই বাষট্টির আন্দোলনের কারণে অনেকেই জেলে গেলেন, কেউ আত্মগোপন করলেন। এ কারণে ছায়ানটের কার্যক্রম ব্যাহত হলো। এ সময় ওয়াহিদ ভাই ঘুরে ঘুরে প্রগতিশীল সংস্কৃতিমনা মানুষদের সঙ্গে আলোচনা শুরু করলেন। ছায়ানটকে চাঙা করার ব্যাপারে বললেন, ‘লোহানী তোমার কী মত?’ ওয়াহিদ ভাইয়ের সঙ্গে নানা বিষয়ে আমার মতভেদ ছিল। কিন্তু তাঁর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ছিল। আমার ওপর তাঁর আস্থা ছিল। আমি বললাম, ‘ওয়াহিদ ভাই, এসব আমাকে জিজ্ঞেস করছেন কেন?’ তিনি বললেন, ‘তুমি ছায়ানটে এলে সংগঠনটাকে আবার দাঁড় করানো যায়।’ আমি ১৯৬২ থেকে ১৯৬৬ পর্যন্ত ছায়ানটে ছিলাম। এ কথা বলতেই হবে, আমাদের দেশে রবীন্দ্রনাথের প্রচারের ক্ষেত্রে ছায়ানটের অবদান সবচেয়ে বেশি।ক্রান্তির কথা বলুন। ততদিনে মার্ক্সবাদী রাজনীতিতে মস্কো-পিকিং ভাগ হয়ে গেছে। তাই ছায়ানটে একসঙ্গে কাজ করা হলো না। বসে তো আর থাকতে পারি না। সংগঠন করতে চাই। একসময় ঢাকার পুরানা পল্টন এলাকায় প্রগতিশীল একটি সংগঠনের নাম ছিল ক্রান্তি। ওই নামটা নিয়েই আমরা কাজটা করতে শুরু করলাম। আমাদের সঙ্গে ছিলেন বরিশালের অধ্যাপক রফিকুল ইসলাম, লুৎফর রহমান, আবদুল লতিফ, আলতাফ মাহমুদ, খান আতাউর রহমান। আমি ছিলাম সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা ১৯৬৭ সালের ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি পল্টন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। এখন কী নিয়ে ভাবছেন?একুশে চেতনা পরিষদের পক্ষ থেকে আমরা ভাবছিলাম, বাংলা সংস্কৃতি এখনো অবহেলিত। তাই আমরা চিন্তা করছিলাম, একুশে চেতনা পরিষদের উদ্যোগে ২০১৩ সালের জানুয়ারির ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত তিন দিন বঙ্গীয় সংস্কৃতি উৎসব করব। এ উপলক্ষে ভারতের বাংলাভাষাভাষী যে সব রাজ্য আছে, তাদের আমন্ত্রণ জানাব এবং আন্তর্জাতিকভাবে যেখানে যেখানে বাংলা ভাষার চর্চা হয়, যদি অর্থকড়ির দিক থেকে কুলোতো পারি, তবে সেখান থেকেও একজন করে পণ্ডিত ব্যক্তিকে এই উৎসবে হাজির করার চেষ্টা করব। আর আমাদের দেশের বিভিন্ন এলাকায় যে আঞ্চলিক বা লোকজ সংস্কৃতি আছে, তা উপস্থাপন করার চেষ্টা করব।সাক্ষাৎকার নিয়েছেন: জাহীদ রেজা নূর