'বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য তৈরি হতে হবে অনুবাদকদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে দাঁড়িয়ে সামনের সারিতে বসে থাকা ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ও দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি ইংরেজি ভাষায় বাংলাদেশের সাহিত্যের ইতিহাস রচনা করতে চান?’ এমন প্রশ্নের মধ্য দিয়ে আসলে একদল দক্ষ অনুবাদকের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরলেন কবি কায়সার হক।
চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার পাঠকের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিজের কবিতা ও লেখা থেকে পাঠের পাশাপাশি আলোচনা করলেন ইংরেজি ভাষায় লেখালেখি বিষয়ে।
কবি কায়সার হক সত্তরের দশক থেকেই ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করছেন। পেয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতি ও স্বীকৃতি। পাশাপাশি মনসামঙ্গল কাব্য, রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গ, শামসুর রাহমানের কবিতা, নাসরীন জাহানের উড়ুক্কু উপন্যাসসহ এ দেশের হালফিল কবি ও সাহিত্যিকদের বহু লেখা তাঁর অনুবাদে পৌঁছেছে বৈশ্বিক পাঠকদের কাছে। অনুষ্ঠানে নানা আলোচনায় এল সেসব প্রসঙ্গও। পাশাপাশি পাঠকের নানা প্রশ্নেরও বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন কায়সার। এ দেশের মানুষের বাংলা ভাষার প্রতি গভীর মমতার কথা বার বার উল্লেখ করলেন কায়সার হক। এই মমতা বা দায়বদ্ধতা থেকেই এখানকার প্রধান কবি-সাহিত্যিকেরা বাংলায় লিখছেন। কিন্তু আন্তর্জাতিক মহলে দেশের সাহিত্যকে তুলে ধরতে হলে ইংরেজি ভাষার চর্চাও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। ভালো অনুবাদ হলে এ দেশের সাহিত্য পৃথিবীর মানুষের মন জয় করতে পারবে।
আসরে তাঁর কবিতা সংগ্রহ পাবলিশড ইন দা স্ট্রিটস অব ঢাকা: কালেকটেড পোয়েমস বই থেকে বেশ কিছু কবিতা পড়েন তিনি। এরপর মনসামঙ্গল কাব্য ও কোম্পানি আমলে বিলেত ভ্রমণ নিয়ে মির্জা শেখের লেখা বিলাত নামার অনুবাদ থেকেও পাঠ করেন তিনি।
অনুষ্ঠানে কায়সার হকের লেখা নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন, চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাফিয়া গাজী রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এম নুরুজ্জামান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা সার্মেন রড্রিক্স।