‘বাংলাদেশকে বুঝতেই এত দূর আসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ৩ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। মতবিনিময় সভা শেষে বিকেল চারটায় উপজেলার ভগিরথপাড়ার ভারত প্রত্যাগত শরণার্থীদের গ্রাম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা আড়াইটায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা, ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন, রাজনৈতিক কর্মকর্তা সোফি গাও, মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহম্মেদ, যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রেস শাখার প্রধান মেরিনা ইয়াসমিনসহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ভারত প্রত্যাগত শরণার্থীনেতা, হেডম্যান, কারবারি ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বোঝার জন্যই তাঁর দীঘিনালায় আসা। উপস্থিত ব্যক্তিদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান তিনি। পার্বত্য চট্টগ্রামে সরকারের বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে স্থানীয়দের মতামত জানতে চাইলে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা বলেন, ‘এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অনুপ্রবেশ বাড়বে। পার্বত্য চট্টগ্রামে বাইরের লোকের কর্মসংস্থান হবে। এ জন্য স্থানীয় অনেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছেন।’ ভূমি বিরোধ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি বিরোধ। আগে ভূমি বিরোধ নিষ্পত্তি করে তারপর ভূমি জরিপ করতে হবে।’ মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের প্রতিনিধি রাখা প্রয়োজন।’ উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দীপঙ্কর দেওয়ান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শশী মোহন চাকমা পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা বলেন, ‘এ উপজেলার কয়েক শ পরিবার ভারত থেকে স্বেচ্ছায় প্রত্যাবর্তন করেছিল কিন্তু তারা কোনো সরকারি সুযোগ-সুবিধা পায় না। এসব পরিবারের জন্য রেশনের ব্যবস্থা করা প্রয়োজন।’ মতবিনিময় সভা শেষে মার্কিন রাষ্ট্রদূত উপজেলার ভগিরথপাড়ার ভারত প্রত্যাগত শরণার্থী গ্রাম পরিদর্শনে যান। এ সময় ভারত প্রত্যাগত শরণার্থী বিনয় চাকমা ও লক্ষ্মীরাম চাকমা জানান, ‘সরকার আমাদের জায়গাজমি ফেরত দেবে বলে এখানে পুনর্বাসন করেছে। ঘর করে দিয়েছে কিন্তু এখনো আমরা আমাদের জায়গাজমি ফেরত পাইনি।’