
‘নন্টে ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’ বা ‘হাঁদা ভোঁদা’র নাম শোনেনি এমন বাংলা ভাষাভাষী কাউকে পাওয়া সম্ভবত কঠিন হবে। আর এই প্রায় কিংবদন্তির কাছাকাছি খ্যাতি পাওয়া চরিত্রগুলোর পেছনের মূল কারিগর নারায়ণ দেবনাথকেও চেনেন প্রায় সবাই। জীবন্ত এই কিংবদন্তির বয়স এখন ৯২! এই বয়সে তিনি এখনো টানা এঁকে যাচ্ছেন তাঁর প্রিয় কার্টুন চরিত্রগুলো!
গত ২৮ ডিসেম্বর গিয়েছিলাম ভারতের কলকাতায়। সেখানেই বিরল এক সুযোগ হয় নারায়ণ দেবনাথের সান্নিধ্যে আসার। কলকাতায় একদল কার্টুনপাগল মানুষ বাংলা কমিকসের পুনরুত্থানের উদ্যোগ নিয়েছেন। বাংলা কমিকসের স্বর্ণযুগ নিয়ে তাঁরা বের করেছেন কমিকস ও গ্রাফিকস নামে পরপর তিনটি ষান্মাসিক সংকলন। সুবৃহৎ এই সংকলনগুলোয় স্থান পাননি এমন বাংলা কমিকস আঁকিয়ে বিরল। তবে প্রথম দিকে তাঁরা বাংলাদেশের কমিকস নিয়ে ততটা জানতেন না। ইন্টারনেটের সুবাদে অচিরেই বাংলাদেশের কমিকস, বিশেষ করে ‘ঢাকা কমিকসের’ কাজ দেখে তাঁরা এই প্রয়াসকে বাংলা কমিকসের এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃতি দিতে মনস্থির করেন। আর তত দিনে তাঁরা চালু করেছেন ‘নারায়ণ দেবনাথ কমিকস পুরস্কার’।
বেস্ট কমিকস আর্টিস্ট অব দ্য ইয়ার নামে যে পদকটি চালু হয়েছে, সেটা এ বছর দেওয়া হয়েছে বাংলাদেশের ‘ঢাকা কমিকসকে’! যৌথভাবে এই পদকটি পেয়েছেন কলকাতার কমিকস আঁকিয়ে¯ সায়ান পাল। ঢাকা কমিকসের ‘কর্ণধার’ কোটায় সেই পদক গ্রহণ করতে গিয়ে সাক্ষাৎ নারায়ণ দেবনাথের সঙ্গে।

স্বয়ং নারায়ণ দেবনাথের হাত থেকেই পদক গ্রহণের সুযোগ হয় আমার। ৯২ বছর বয়সেও তিনি নিজে ২৮ ডিসেম্বর এসেছিলেন কলকাতার বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে। অল্পবিস্তর কথাবার্তার পর আমরা বাংলাদেশ থেকে এসেছি শুনেই শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে জানতে চাইলেন বাংলাদেশের কথা। দাওয়াত করে বসলেন তাঁর নিজের বাড়ি কলকাতার হাওড়ার শিবপুরে! আমরা আপ্লুত হয়ে মূল উদ্যোক্তা বুক ফার্ম প্রকাশনা সংস্থার শান্তনু ঘোষকে কী করা যায় জিজ্ঞেস করলাম। জানালেন পরদিন তিনি আমাদের নিয়ে যাবেন।
যেই কথা সেই কাজ, পরদিন হাওড়ার নতুন সাসপেনশন ব্রিজ পার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ‘নবান্ন’ পেরিয়ে আমরা শিবপুরে ঢুকে গেলাম। মন্দিরতলা পেরিয়ে শিবপুর লাইব্রেরি, তারপরই নারায়ণ দেবনাথের বাড়ি। গিয়ে জানলাম, এ বাড়িতেই তাঁর জন্ম, আর বাড়ির বয়স প্রায় দেড় শ বছর!
ঘরে ঢুকে অবাক হলাম, নারায়ণ দেবনাথের বাড়ি কত সাধারণ। সাধারণ বসার ঘর ও কাজের টেবিল। অসংখ্য কালির দোয়াত, কলম ও পেনসিল। ক্রোকুইলে নিব আর রং-তুলি পড়ে আছে ছোট্ট টেবিলে। ভেবেছিলাম, হয়তো ভেতরের কোনো ঘরে তিনি শুয়ে থাকবেন। কিন্তু আমরা গিয়ে দেখি, তিনি আঁকছেন! এই বয়সেও সপ্তাহে দুই পৃষ্ঠা ‘নন্টে ফন্টে’ এঁকে নিজের হাতে সংলাপ লিখে পত্রিকায় পাঠান। আমাদের দেখে আবার উচ্ছ্বসিত হয়ে শোনাতে শুরু করলেন নিজের বিস্মৃতপ্রায় ঢাকাই শৈশবস্মৃতি। শিয়ালদা থেকে গোয়ালন্দ স্টিমার ঘাট। সেখান থেকে নৌকায় দাদাবাড়ি। ঢাকার ‘প্যাঁচ পরোটা’ খাওয়ার স্মৃতি এখনো উজ্জ্বল।
তাঁর সঙ্গে ঘণ্টাখানেক কাটানোর পর চলে আসার আগে কাছে ডেকে ফিসফিস করে জানতে চাইলেন, ‘আচ্ছা, একটা কথা, বাংলাদেশে কি আমাকে কেউ চেনেটেনে? মানে পড়ে কেউ আমার কমিকস?’
কী উত্তর দেব বুঝতে না পেরে বললাম, ‘খালি পড়ে না, গিলে! পড়ুয়া যে কেউই আপনার কমিকস পড়েই বড় হয়েছে আমাদের ওখানেও।’
শুনে আবার শিশুর মতো আনন্দ-হাসিতে মুখ ভরে গেল তাঁর। চলে আসার সময় মনে মনে বললাম, ভালো থাকুন। ভালো থাকুন শতাব্দীসেরা কমিকস-স্রষ্টা। আপনি ভালো না থাকলে যে আমরাও আর থাকি না!
লেখক: কার্টুনিস্ট ও ঢাকা কমিকসের প্রতিষ্ঠাতা