'বাংলাদেশে ছবিটি আমরা দেখাতে খুব আগ্রহী'-গীতা গান্ধবীর
>

এ জার্নি অব এ থাউজ্যান্ড মাইলস: পিসকিপারস ছিল গতবারের টরন্টো চলচ্চিত্র উৎসবের আলোচিত এক ছবি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারীদের নিয়ে তৈরি এই তথ্যচিত্র আবারও এসেছে আলোচনায়। ছবিটি দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন স্বয়ং জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ১৭ ফেব্রুয়ারি তাঁর বিবৃতিতে তিনি বলেছেন, ‘ছবিটির প্রদর্শনীতে হাজির থাকতে পেরে আমি দারুণ আনন্দিত।’ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের সম্পর্কে বলেছেন, ‘এই ছবিতে জায়গা করে নেওয়া বাংলাদেশি নারীরা সত্যিকার দিনবদলের কারিগর (ট্রু এজেন্ট অব চেঞ্জ)। ছবিটির দুই পরিচালকের একজন ভারতের গীতা গান্ধবীরের সঙ্গে আলাপ হয়েছিল মাস খানেক আগে (অন্যজন দুবারের অস্কার বিজয়ী শারমীন ওবায়েদ চিনয়)। সংক্ষিপ্ত এই ই-মেইল সাক্ষাৎকারে গীতা কথা বলেছেন বাংলাদেশে ছবিটির চিত্রায়নের নানা দিক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী
প্রশ্ন: নির্মাতা হিসেবে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারীদের কাজের কোন দিকটি আপনাকে বেশি মুগ্ধ করেছে?
গীতা: এই নারীরা সব প্রতিকূলতাকে জয় করে কাজ করতে পারেন। তাঁরা বাংলাদেশের নারীদের সম্পর্কে সব চিরচারিত ধারণাকে ভুল প্রমাণ করে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতে তাঁদের দায়িত্ব পালন করেছেন। পুরো একটা বছর বিদেশে গিয়ে এই কঠিন দায়িত্ব পালন করতে পারাটা কীভাবে তাঁদের ব্যক্তিগত স্বাধীনতার জায়গা তৈরি করছে, সেটাও আমাদের দেখা দরকার।
প্রশ্ন: বাংলাদেশে ছবিটির চিত্রধারণের অভিজ্ঞতা কেমন ছিল?
গীতা: চিত্রধারণের কাজটা বেশ জটিলই ছিল বলতে হবে। কারণ একটা সময়ে পাঁচটি দল মাঠে নামিয়ে আমাদের শুটিং করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে সবার আন্তরিক সহায়তায়। সবাই এসব নারীর গল্প তুলে আনার ব্যাপারে ভালো সহায়তা করেছেন। এককথায় বলতে হয় অসাধারণ অভিজ্ঞতা। এটা সবার জন্যেই গর্বের ব্যাপার ছিল যে এসব নারী তাঁদের দেশ ও জাতিসংঘের জন্য কাজ করছেন।
প্রশ্ন: টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল?
গীতা: খুবই চমৎকার। সবগুলো প্রদর্শনী ছিল দর্শকের উপস্থিতি এবং অংশগ্রহণে ভরপুর। মুসলিম নারীদের এ রকম সাহসিকতার সঙ্গে কাজ করতে তারা খুব কমই দেখেছে। টরন্টো উৎসবে প্রতিভাধর নির্মাতাদের মাঝে জায়গা পাওয়াটাও একটা বড় সম্মান ছিল আমার জন্য।
প্রশ্ন: ছবিটি বাংলাদেশে দেখানোর কথা ভাবছেন?
গীতা: আমরা খুবই আগ্রহী। আমরা এটা আয়োজনের জন্য কাজ করে যাচিছ। আশা করছি, খুব দ্রুতই এ রকম কোনো ব্যবস্থা হবে।
এ জার্নি অব থাউজ্যান্ড মাইলস: পিস কিপারস ছবিটির ট্রেলার দেখুন অনলাইনে। www.youtube.com/watch?v=YAR3SXSme6c