‘বাইরের গাড়ি নগরে না ঢুকলে যানজট হবে না’
ঢাকা থেকে যাত্রীবাহী যে গাড়িটি কক্সবাজার যাচ্ছে এখন সেটি নগরের একে খান গেট দিয়ে ঢুকে জিইসি মোড় হয়ে মুরাদপুর, বহদ্দারহাট হয়ে কালুরঘাট সেতু পার হচ্ছে। একইভাবে বান্দরবান, রাঙামাটি থেকে দেশের বিভিন্ন জেলায় যাতয়াতকারী যানবাহন একবার নগরে ঢুকছে এবং বিভিন্ন সড়ক ঘুরে আবার বের হচ্ছে। কালুরঘাট কিংবা নাসিরাবাদ শিল্প এলাকার পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহূত ট্রাক, কাভার্ডভ্যান কিংবা বিশালাকৃতির ট্রাক্টর-ট্রেইলর নগরের মূল সড়ক ধরেই চট্টগ্রাম বন্দরে যাতায়াত করছে। এসব যানবাহন নগরের কেন্দ্রস্থলের সড়কগুলোতে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। অথচ বাইপাস সড়ক না থাকায় বাধ্য হয়ে এসব যানবাহন শহরের মূল রাস্তা দিয়ে চলাচল করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ।সাম্প্রতিক সময়ে নগরে তীব্র যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে এ মন্তব্য করেন নগর পুলিশের যানবাহন শাখার উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ। তিনি বলেন, নগরের অনেক মফস্বল শহরে একাধিক বাইপাস সড়ক আছে। ঢাকার পর চট্টগ্রাম হচ্ছে দেশের বড় শহর। বন্দর ও ব্যবসা-বাণিজ্যের কারণে এ শহরের অর্থনৈতিক গুরুত্বও অনেক বেশি। কিন্তু দীর্ঘ সময়েও এ শহরে নতুন কোনো রাস্তাঘাট হচ্ছে না। তৈরি হচ্ছে না নতুন নতুন বাইপাস সড়ক।ফারুক আহমদ বলেন, চট্টগ্রামের লোকসংখ্যা বাড়ছে, বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এ জন্য যানবাহনের সংখ্যাও বাড়বে—এটা কখনো বন্ধ করা যাবে না। তবে পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে যানজট পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু প্রস্তাবনার সুপারিশ করেন তিনি। তার প্রস্তাবনা অনুযায়ী যানজট পরিস্থিতি মোকাবিলায় স্বল্পমেয়াদি সুপারিশের মধ্যে আছে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যেখানে সেখানে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে শহর এলাকার বাসগুলোর জন্য কাউন্টার সার্ভিস চালু, বহদ্দারহাট থেকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) পর্যন্ত সড়ক থেকে ক্রমান্বয়ে রিকশা, অটোরিকশা তুলে দিয়ে পর্যাপ্ত গণপরিবহন চালু, নগরের গুরুত্বপূর্ণ সড়ক মোড়ের ট্রাফিক সংকেত-বাতি সংস্কার ও আধুনিকীকরণ, সংকেত মেনে চলতে পথচারী ও যানবাহন চালকদের অভ্যস্ত করে তোলা, বিভিন্ন মোড়ে রিকশা দাঁড়ানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া, ফুটপাত থেকে হকার তুলে দিয়ে সেগুলো পথচারী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া ইত্যাদি। নগরের বড় বড় স্কুল-কলেজের জন্য নিজস্ব বাস সার্ভিস চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।ডিসি-ট্রাফিক দীর্ঘমেয়াদে নগরের বাইরে পরিকল্পিত বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, বন্দরে যাতায়াকারী যানবাহনের জন্য আলাদা বাইপাস সড়ক নির্মাণ এবং চট্টগ্রামের বাইরের জেলাগুলোতে যাতায়াতকারী যানবাহনকে যাতে নগরের মূল সড়কে ঢুকতে না হয় সেজন্য নগরের বাইরের এলাকা দিয়ে রিং রোড তৈরির প্রস্তাব করেন। এ ছাড়া যেসব এলাকায় নিজস্ব পার্কিং ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ-হাসপাতাল নির্মিত হয়েছে সেসব এলাকায় আলাদা করে বাণিজ্যিকভাবে সরকারি ও বেসরকারিভাবে পার্কিং লট চালুর প্রস্তাব দেন তিনি। পার্কিং ছাড়া যেসব বহুতল ভবন গড়ে উঠেছে সেগুলো ভেঙে ফেলা সমাধান হতে পারে না। বরং ওইসব ভবনের মালিককে দিয়ে পার্কিং লট চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। ফারুক আহমদ মনে করেন, নগরে যানবাহন এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। তবে যে হারে যানবাহন বাড়ছে এবং অপরিকল্পিত ব্যবস্থাপনায় এগুলো চলাচল করছে তা ভবিষ্যতে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞের মতামত এবং প্রয়োজনীয় জরিপকাজ সম্পন্ন করে এখনই ব্যবস্থা নেওয়া না হলে চট্টগ্রামের অবস্থা ঢাকার চেয়ে খারাপ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।ডিসি-ট্রাফিক বলেন, নগরের ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের হলেও এর সঙ্গে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজের সম্পৃক্ততা আছে। এ তিন সংস্থার সমন্বয়ে কাজ হলে দীর্ঘমেয়াদেও চট্টগ্রামে যানবাহন চলাচলব্যবস্থায় কোনো সমস্যা হওয়ার কথা নয়।