'বাঙালি জাতির অতীত ও বর্তমান' বইয়ের মোড়ক উন্মোচন

গবেষক মাহফুজুর রহমান রচিত মুক্তিযুদ্ধবিষয়ক কিশোর উপযোগী বই বাঙালি জাতির অতীত ও বর্তমান-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১২ মে পুস্তক বিপণিকেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হয়। সাত্ত্বিকের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। অনুপম সেন বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ইতিহাসচর্চা সঠিকভাবে এগোচ্ছে না। ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাচ্ছে না। মাহফুজুর রহমান লেখালেখির মাধ্যমে একটি বড় দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানের শেষ দিকে লেখক মাহফুজুর রহমান বইটি লেখার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও লেখক নূর মোহাম্মদ রফিক, সিরু বাঙালি, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক ফহিম উদ্দিন, উপদেষ্টা আবু ইউসুফ চৌধুরী, সদস্য জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও বইটির প্রকাশক জামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।